০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের দুই দিনের রিমান্ড

গত ৩ নভেম্বর দুদকের ফাঁদ অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ ধরা পড়েন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:05 PM

Updated : 09 Nov 2026, 05:05 PM

ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

দুদকের তরফে আইনজীবী দেলোয়ার জাহান রুমী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন রিমান্ড আবেদন বাতিলের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আসাদুলের দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। মনিরুল ঢাকার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন।

জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন।

এজাহারে বলা হয়, একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।

গত ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই দুদকের সহকারী পরিচালক মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা করেন। সেদিনই আসাদুলকে কারাগারে পাঠানো হয়।