২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মের অভিযোগ

নথিপত্র অনুযায়ী, ১ হাজার ২৫০টি কিট মজুত থাকার কথা থাকলেও মাত্র ৩৪৮টি পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:31 PM

Updated : 29 Nov 2026, 11:31 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে নানা অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

দুদক জানায়, সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি বড় অংশ নিয়মিত ও পূর্ণ সময় দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে প্রায় ৭০ শতাংশ চিকিৎসকের যথাযথভাবে দায়িত্ব পালন না করার প্রমাণ পেয়েছে দুদক।

এ ছাড়া বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাতেও অনিয়ম এবং হাসপাতালের ফার্মেসি থেকে রোগীদের মাঝে ওষুধ বিতরণের স্লিপে সংশ্লিষ্ট চিকিৎসকের সিল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকার প্রমাণ পেয়েছে আভিযানিক দল।

পাশাপাশি প্যাথলজি বিভাগে মজুত ও ব্যবহৃত টেস্ট কিটের হিসাবেও গরমিল পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী, ১ হাজার ২৫০টি কিট মজুত থাকার কথা থাকলেও মাত্র ৩৪৮টি পাওয়া গেছে। এসব বিষয়ে দুদকের কাছে সন্তোষজনক জবাব দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, অভিযানে প্রাপ্ত অনিয়ম ও অসঙ্গতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।