২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা না দিয়েও পাস, দুদকের অভিযান

অভিযান চালিয়ে ছয় মাসের নথি পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 06:56 PM

Updated : 27 Oct 2026, 06:56 PM

বাগেরহাটে ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও মৌখিক পরীক্ষা না দিয়েও পাস দেখানোর অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার।

অভিযানে গত ছয় মাসে ড্রাইভিং লাইসেন্সের জন্য করা আবেদনগুলোর নথি পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। কয়েকজন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ না নিলেও তাদের পাস দেখানো হয়েছে। বিআরটিএর রেজিস্টার খাতায় এমন তথ্য পাওয়া গেছে। এসব নথি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দ করা নথি পরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।