০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 10:12 PM

Updated : 08 Nov 2026, 10:12 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় বলেন, জরিমানার পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে উপজেলার গোবরাতলা এলাকার মেসার্স সেবা ব্রিকস, এ আর বি ব্রিকস ও টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটারও খুলে নেয় অভিযান পরিচালনকারী দল।

অন্যদিকে, গোবরাতলার চেচনিয়া এলাকার মেসার্স তামিম ব্রিকসকে অর্থদণ্ড না দিলেও চিমনি ও কিলন ভেঙে দিয়ে ভাটার সব কার্যক্রম গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও কাঠ পুড়িয়ে ইটভাটা পরিচালনার দায়ে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন পরিচালনা করেন। জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

পরিবেশ দূষণ রোধ ও বায়ুর গুণগত মান উন্নয়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।