১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘উদ্যোগ’: তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, ১০ লাখ টাকা অনুদান

কর্তৃপক্ষ জানায়, তরুণদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:27 PM

Updated : 19 Nov 2026, 09:27 PM

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠান করেছে সিটি ব্যাংক।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করা এবং তাদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আশানুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে তথ্যবহুল উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ব্যাংক ঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য।

পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায়- আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, নাঙ্গলকোট, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদরে উপজেলা ‘লিড ব্যাংকের’ দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা ‘লিড ব্যাংকে’র দায়িত্বও পালন করছে সিটি ব্যাংক।

‘লিড ব্যাংক’ হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন, আবেদন একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে।

আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঋণ আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণের ব্যবস্থা করবে।

এ ছাড়া অর্থায়ন-পরবর্তী সময়ে ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার এবং ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন। এই সুবিধা চালুর মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির সুযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে আয়োজকরা জানান।