০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ছাড়পত্র না থাকায় জরিমানার পরও চালু ইটভাটা, দেয়াল ধসে নিহত ২

গত বছর এ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 05:06 PM

Updated : 09 Oct 2026, 05:23 PM

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধ্বসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শুক্রবার বেলা ১২টার দিকে পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া বলছেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।”

তিনি বলেন, ইটভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা জানলেও কীভাবে এর কার্যক্রম আবার চালু হয়েছে, সে বিষয়ে তার জানা নেই।

তবে এ ব্যাপারে মেসার্স মায়ের দোয়া ইটভাটা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহত শ্রমিকেরা হলেন- হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬৩) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২৫)।

আহতরা হলেন- হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া ও লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া।

তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রতিবছরের মতো এবারও ইট পোড়ানোর মৌসুমের কাজ শেষে ইটভাটার পুরোনো দেয়াল ভেঙে সংস্কার করা হচ্ছিল। শুক্রবার দুপুরে কয়েকজন শ্রমিক ভাটার পুরোনো দেয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। তারা ভাটার ছাদের ওপর অবস্থান করছিলেন।

হঠাৎ দেয়ালটি ধসে পড়লে গোলাপ মিয়া ও উৎপল মিয়া ধ্বংস্তুপের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে

ওসি রাশেদুল ইসলাম বলেন, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।