১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরকে হাই কোর্টের নির্দেশ

সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:42 PM

Updated : 12 Nov 2026, 08:42 PM

দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধ করতে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

সেই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। ওই দিনই শুনানির পরবর্তী তারিখ রাখা হয়েছে।

বৃহস্পতিবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন মুনতাসির উদ্দিন আহমেদ।

দেশের অবৈধ ইটভাটা বন্ধ বা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন করে।

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে দেশের সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেয়।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে ইটভাটার মালিকরা একাধিক আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়।

আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অক্টোবর থেকে আগামী বছর এপ্রিল পর্যন্ত ইট উৎপাদনের মৌসুম। এর মধ্যে অনেকে নিবন্ধনহীন অবৈধ ইটভাটা চালু করেছে। অনেকে চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে।

“এ কারণে অবৈধ ইটভাটা বন্ধে হাই কোর্টের নির্দেশনা বাস্তবায়নের আরজি জানিয়ে এইচআরপিবির পক্ষ থেকে একটি আবেদন করা হয়। শুনানির পর আদালত বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন।”

বৈধ ইটভাটার মালিকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছে বলে জানান এই আইনজীবী।