বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশালের উজিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রোববার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ইটভাটা তিনটি হল- উজিরপুরের শিকারপুর এলাকার মেসার্স মক্কা ব্রিকস, একই এলাকার মেসার্স এসবিএফ ব্রিকস ও বাবুগঞ্জের রমজনকাঠি এলাকার মেসার্স মদিনা ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মো. সাইফুদ্দিন বলেন, তিনটি ইটভাটার কোনো লাইসেন্সসহ প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র নেই। কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো হয়।
এই অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনার দায়ে স্কেবেটর দিয়ে চিমনি ও কিলন ভেঙে ফেলে উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে বিপুল কাঁচা ইট বিনষ্ট করা হয়।
সহকারী পরিচালক বলেন, মক্কা ব্রিকসে অভিযানের সময় রাজিব হোসেন নামে এক ব্যক্তি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। তখন তাকে আটক করা হয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তাই মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
