হাই কোর্টের নির্দেশে রাঙামাটির ৬ ইটভাটা বন্ধ
অবৈধভাবে নতুন ইটভাটা তৈরির অপরাধে অলিভ চাকমা ও কামরুজ্জামান নামের দুজনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর।
উচ্চ আদালতের নির্দেশনায় রাঙামাটির বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় তিন দিনে অভিযান চালিয়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
রোব ও মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, মঙ্গলবার কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে আদালতের নির্দেশে মেসার্স এমএনএম ব্রিকস, মেসার্স এসবিডব্লিউ ব্রিকস ও মেসার্স এবিএম ব্রিকসের কার্যক্রম বন্ধ করা হয়।
এর আগে একই এলাকায় মেসার্স এইচবিএম ব্রিকস নামের আরেকটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে রোববার বাঘাইছড়িতে অবৈধভাবে নতুন ইটভাটা তৈরির অপরাধে অলিভ চাকমা ও কামরুজ্জামান নামের দুজনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর।
পাশাপাশি মেসার্স এমএমসি ব্রিকস, মেসার্স কেবিসি ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী দুই উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
