১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজি বন্ধে অভিযানের নির্দেশ হাই কোর্টের

শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ও মানুষের জীবনের অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজি বন্ধে অভিযানের নির্দেশ হাই কোর্টের

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:55 PM

Updated : 15 Nov 2026, 10:55 PM

শব্দদূষণ রোধে অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজির ব্যবহার বন্ধ এবং ‘নীরব এলাকায়’ (সাইলেন্ট জোন) নিয়মিত অভিযান চালনার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ও মানুষের জীবনের অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালত ‘নীরব এলাকায়’ সাইনবোর্ড বসানো, এসব এলাকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়, চালক ও নির্মাণকাজের ব্যবস্থাপকদের সচেতন করতে এসএমএস পাঠানো এবং শব্দ দূষণকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।

অপ্রয়োজনীয় হর্ন বন্ধ, আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচারের নির্দেশ দিয়েছে। শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট হটলাইন নম্বর চালু করা এবং গৃহীত ব্যবস্থার রেজিস্টার সংরক্ষণের মত একটি স্বচ্ছ ব্যবস্থা প্রবর্তনের কথাও বলা হয়েছে আদেশে।

একইসঙ্গে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির নির্দেশও দেওয়া হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতি তিন মাস পরপর হাই কোর্টে প্রতিবেদন দাখিল করতে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআরটিএ ও রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে পরিবেশ সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। তাকে সহায়তা করেন আইনজীবী হাসানুল বান্না।

২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিতে গত ২৭ অক্টোবর জনস্বার্থে হাই কোর্টে ওই রিট আবেদন করে বেলা।

আবেদনে বলা হয়, ২ কোটি ২০ লাখের বেশি মানুষের শহর ঢাকা শব্দদূষণে বিশ্বে প্রায়ই শীর্ষে থাকছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির তীব্র হর্ন, নির্মাণকাজ, জেনারেটর ও মাইকের যথেচ্ছ ব্যবহার এবং আতশবাজি এর প্রধান কারণ।

বিধি অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারদিকের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিধিমালায় পটকা, আতশবাজি ও একই ধরনের শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের জন্য সময় ও স্থান নির্ধারণ করে অনুমোদন দেওয়ার বিধানও রয়েছে।

ইতোমধ্যে শাহজালাল বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার, সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় শব্দের মানমাত্রা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এই প্রেক্ষাপটের কথা তুলে ধরে আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয় বেলা।