২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানা: শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক পুনর্ব্যবহার করবে ইপসা

সমঝোতা অনুযায়ী, সংস্থাটি বিনসহ সুরক্ষাসামগ্ৰী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমও চালাবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা: শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক পুনর্ব্যবহার করবে ইপসা

চট্টগ্রামে শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সোমবার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:06 PM

Updated : 26 Oct 2026, 06:06 PM

চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ ও পুনর্ব্যবহারের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

১ সেপ্টেম্বর থেকে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এখন পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ করেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ ও পুনর্ব্যবহারের আওতায় আনতে এ সমঝোতা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “চিড়িয়াখানার এ উদ্যোগ দেখে বিভিন্ন জায়গা থেকে অনেকে ফোন করে প্লাস্টিক সংগ্রহের আগ্রহ জানিয়েছেন। সংগৃহীত প্লাস্টিক কীভাবে পুনর্ব্যবহার করা যাবে, তাও জানতে চেয়েছেন তারা। তবে দেশে এ ধরনের প্রতিষ্ঠান পর্যাপ্তভাবে গড়ে না ওঠা একটি চ্যালেঞ্জ।

“সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, তাহলে আমার মনে হয়, এটা ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে। প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।”

সমঝোতা স্মারক অনুসারে, চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। এ কার্যক্রমে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে সমঝোতার মেয়াদ এক বছর।

সমঝোতা স্মারকের আওতায় ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ চট্টগ্রাম চিড়িয়াখানা হতে প্লাস্টিক সংগ্ৰহ, পরিবহন ও রিসাইক্লিং এর ব্যবস্থা করবে। এছাড়া ইপসা চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনসহ সুরক্ষাসামগ্ৰী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালাবে।

জেলা প্রশাসনের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসার পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও ইপসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য দিলে বিনামূল্যে চিড়িয়াখানায় ঢুকতে পারবে শিক্ষার্থীরা