১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস

সম্প্রতি অর্গানোগ্রামের সংশোধনে টেকনেশিয়ানসহ আরও কিছু পদ তৈরি করতে হয়েছে।

সৌরভ হোসেন সিয়াম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:47 PM

Updated : 17 Nov 2026, 08:47 PM

জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে ২০২২ সালে খাদ্যের মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে একটি মিনিল্যাব স্থাপন করা হয়।

তবে, মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে এই ল্যাব স্থাপন করা হলেও শুরুর দিন থেকেই এখানে নিয়োগ দেওয়া হয়নি কোনো টেকনেশিয়ান। ফলে, অফিস প্রধান নিরাপদ খাদ্য অফিসারকেই (এফএসও) এ অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

মুশকিলের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এ কার্যালয়ে দীর্ঘ বছর ধরেই কর্মরত আছেন মাত্র তিনজন।

নারায়ণগঞ্জ কার্যালয়ের এফএসও সুরাইয়া সাইদুন নাহার বলেন, তিনি ছাড়া একজন নমুনা সংগ্রহ সহকারী এবং একজন অফিস সহায়ক এ কার্যালয়ে দায়িত্বে আছেন। ল্যাব প্রতিষ্ঠা করা হলেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্গানোগ্রামে জেলা পর্যায়ে টেকনেশিয়ানের কোনো পদ ছিল না। তবে, সম্প্রতি অর্গানোগ্রামের সংশোধনে টেকনেশিয়ানসহ আরও কিছু পদ তৈরি করতে হয়েছে।

“অফিস প্রধান হিসেবে আমাকে জেলা পর্যায়ের বিভিন্ন সভায় উপস্থিত থাকতে হয়। তার উপর আছে অফিসের নানা দাপ্তরিক কাজ। ভ্রাম্যমাণ আদালতের জন্য বাইরে থাকতে হয়। এসব সামলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ল্যাবের কাজ করতে বেগ তো কিছুটা পেতে হয়। লোকবলের তো প্রয়োজন।”

সম্প্রতি এক দুপুরে কার্যালয়ে গিয়ে কেবল সুরাইয়া সাইদুন নাহারকেই কক্ষে দেখা যায়। বাকি দুটি কক্ষ (একটি ল্যাব) বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে সুরাইয়া বলেন, নমুনা সংগ্রহ সহকারী মারুফা আক্তার প্রশিক্ষণে আছেন এবং অফিস সহায়ক আফরোজা আক্তার দাপ্তরিক কাজেই বাইরে আছেন।

মাঠপর্যায়ে বাজারগুলোতে নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিতে নজরদারির অংশ হিসেবে দেশের সবগুলো জেলায় এ মিনিল্যাব রয়েছে। খাবার হোটেল, রেস্তোরাঁ, বেকারিতে প্রস্তুত হওয়া খাবারের মান, কাচাবাজারে সবজি, মাছ-মাংসে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিশ্চিতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানকে সতর্ক এবং প্রয়োজনে নিরাপদ খাদ্য আইনে জরিমানাও করা হয়।

জনবলের সংকট থাকলেও নিয়মিত ল্যাবে নমুনা পরীক্ষায় ব্যত্যয় ঘটে না বলে দাবি করেন সুরাইয়া সাইদুন নাহার।

প্রতি মাসে ১২টি নমুনা পরীক্ষার কোটা পূরণ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কখনও এর বেশিও হয়। তবে, শিল্পাঞ্চলের কারণে ঘনবসতিপূর্ণ এ জেলার জন্য এই সংখ্যা পর্যাপ্ত নয়।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে কার্যালয় না থাকায় সেখানের বাজারগুলোতে বিক্রয়ের জন্য প্রস্তুত করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা সচরাচর সম্ভব হয় না। ফলে বেশিরভাগ সময় নগরকেন্দ্রিক এ নজরদারি বজায় থাকে।

“সাধারণত ‘রেডি টু ইট’ পণ্যগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। উপজেলা পর্যায়ে পরিদর্শনে গেলে সেখানকার বাজারগুলো মনিটরিং করা হয়।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকার একটি সাততলা ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে চলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম। তার একটি কক্ষে স্থাপিত রয়েছে মিনিল্যাবটি। এ ল্যাবের পাশাপাশি ঢাকার প্রধান কার্যালয়ে থাকা ভ্রাম্যমাণ আরেকটি মিনিল্যাবের মাধ্যমে এ জেলার খাদ্যের মান পরীক্ষার কার্যক্রম চলছে দুই বছর ধরে।

এফএসও সুরাইয়া বলেন, নগরীর তিনটি বাজারকে নিয়মিত তদারকির মধ্য দিয়ে নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই প্রক্রিয়া সফল হলে পরিধি আরও বাড়ানো হবে। তবে, ভ্রাম্যমাণ এই ল্যাবের কার্যক্রম মাসে একদিনই চলে।

তিনি বলেন, “পণ্যের পরীক্ষার পর ফলাফল নিয়ে দোকানিদের সঙ্গে আমরা আলাপ করি। মান বৃদ্ধির কথা বলি। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্যের বাজার নিশ্চিতে ল্যাব টেস্টগুলো চলছে। তবে, সাম্প্রতিক পাস হওয়া নতুন অর্গানোগ্রামের মাধ্যমে জনবল বাড়লে এই কার্যক্রম আরও বাড়বে।”