Published : 01 Sep 2026, 11:11 PM
মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
এই কর্মসূচি শুরুর প্রথম দিন মঙ্গলবার প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে ৭ শিক্ষার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেন।
এর আগে সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সিদ্ধান্তের তথ্য দেন জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায়।
জেলা প্রশাসক বলেন, “প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক মাটির সঙ্গে সহজে মেশে না। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে প্লাস্টিক জমা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান রাখা হবে। সেখানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।”
এই সুযোগের বিষয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। প্রথমদিনে সাত শিক্ষার্থী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখেছেন।
“আশাকরি সামনে আরো বেশি সংখ্যায় শিক্ষার্থীরা আসবেন বর্জ্য নিয়ে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বন্যপ্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।”