কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় বিদেশি মদ
জব্দ মদের শুল্ক-করসহ মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।
রাজধানীর গুলশানের কিংফিশার রেস্তোরাঁয় রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা দল।
উদ্ধারকৃত অ্যালকোহলের মধ্যে সবচেয়ে বেশি ৮২৬ লিটার ভ্যাট ৬৯, সিবাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েল, গোল্ড লেবেল, গর্ডন জিন, এবসলিউট ভদকা ব্র্যান্ডের মদ রয়েছে। এছাড়াও ছিল ১ হাজার ৫৩৩ লিটার হান্টার এবং হেনিকেন বিয়ার।
এনবিআরের ভাষ্য, জব্দকৃত মদের শুল্ক-করসহ মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। এরমধ্যে ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৮০০ টাকা শুল্ক-কর রয়েছে।
রাজধানীর কাকরাইলে সোমবার এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করে। এতে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে অ্যালকোহল বিক্রির খবর পেয়ে রোববার মধ্যরাতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা দেয় এসআরবি।
প্রায় তিন ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়, যা আমদানির বৈধ কাগজপত্র রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডির দাবি, কিংফিশার রেস্তোরাঁটি মদ আমদানিকারক হিসাবে নিবন্ধিত নয়। অভিযানকালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেশীয় মদ ও বিয়ার কেনার পক্ষে অল্প কিছু চালান উপস্থাপন করলেও অবশিষ্ট পণ্য কেনার পক্ষে কোন চালান উপস্থাপন করতে ব্যর্থ হয়।
এছাড়া বিদেশি মদ ও বিয়ার কেনার পক্ষেও কোন দলিলাদি উপস্থাপন করতে পারেনি তারা।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে অধিদপ্তর তথ্য দিয়েছে।
এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযানে অংশ নেয়।
