শাহজালালে যাত্রীর শরীরে মিলল ১৮ সোনার বার
জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জব্দ করা সোনার ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার সকালে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় আসা যাত্রী রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়।
শরীরে লুকিয়ে কোনো অবৈধ পণ্য আনা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকেও স্ক্যান করা হয়। এ সময় তার কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন তিনি।
অধিদপ্তর জানায়, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১১৭ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়।
