০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

যাত্রী ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে, বলছে কাস্টমস গোয়েন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 12:10 PM

Updated : 08 Nov 2026, 12:10 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ধরা পড়েছে ৯০টি ই-সিগারেট বা ভেপ।

শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দেরও কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কাস্টমস গোয়েন্দা বলছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

“এ সময় কুয়ালা লামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আগত যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।”

ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ অগাস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার জব্দ করা হয় বলে কর্মকর্তাদের দাবি।

এদিকে শনিবার কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা বলছে, “যাত্রী ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের এ ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

“রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”