বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিকসহ ট্রাক জব্দ
ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি করা হয় বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের।
ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক আমদানি ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে যশোরের বেনাপোল বন্দরে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকটি বের করার সময় জব্দ করা হয় বলে জানিয়েছেন বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন।
জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। পণ্যবোঝাই ট্রাকটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।
ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। তবে চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
তিনি বলেন, গোপন খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকায় চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, পণ্যের প্রকৃত পরিচয় যাচাইয়ের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনে নমুনা পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।
ডেপুটি কমিশনার বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রুহুল আমিন বলেন, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের অনিয়ম রোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
