প্যান্ট ও অন্তর্বাসে করে সোনার পেস্ট, দুবাই থেকে আসা ২ নারী আটক
জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা, বলছে ঢাকা কাস্টমস হাউজ।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই নারী যাত্রীর জিন্সের প্যান্ট এবং অন্তর্বাসের ভেতরে লুকানো ১২ কেজি সোনা পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বিকাল সোয়া ৫টায় দুবাই হতে আসা ফ্লাইটের ওই দুই যাত্রীকে আটকের কথা বুধবার রাতে কাস্টমস হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেন লিউন ও মো শিয়াও ইউ নামে এক দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ বেল্ট এলাকায় এলে তাদের তল্লাশি করা হয়। তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রংয়ের সোনার পেস্ট জব্দ করা হয়।
এসব পেস্টের মোট ওজন ১২ কেজি। আটককৃত স্বর্ণের বিশুদ্ধতার প্রাথমিক যাচাইয়ে ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়ার তথ্য দিয়ে ঢাকা কাস্টমস হাউজ বলেছে, ওই সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।
জব্দ করা সোনা এবং যাত্রীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান থাকার তথ্য দিয়েছে কাস্টম হাউজ।
