প্যান্ট ও অন্তর্বাসে করে সোনার পেস্ট: দুই চীনা নাগরিক ৭ দিনের রিমান্ডে
শাহজালাল বিমানবন্দরে গত বুধবার বিকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই দুই জন।
দুবাই থেকে প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে সোনার পেস্ট বহনের অভিযোগের মামলায় গ্রেপ্তার দুই চীনা নাগরিককে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।
রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- চেন লিউইউন ও মো শিয়াওইউ।
গত বুধবার বিকাল সোয়া ৫টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৫৮৬-এর ওই দুই যাত্রীকে তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেন্টিভ) জামিল সারোয়ার আহাদ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম এ দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা বিদেশি নাগরিক এবং আন্তঃচোরাচালান চক্রের সক্রিয় সদস্য। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কৌশলে চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হওয়ায় কৌশলে তা এড়িয়ে যায়। স্বর্ণ চোরাচালানের সঙ্গে আরও কারা জড়িত, সে তথ্য উদঘাটন ও মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম।
মামলার বিবরণে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬ যোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই দুই যাত্রী। কোনো ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কায়দায় লুকানো নরম হলুদ রঙের পেস্ট জাতীয় বস্তু পাওয়া যায়।
উদ্ধার করা পেস্ট সাদা পলিথিনে মুড়িয়ে স্কচটেপ দিয়ে আটকান ছিল। প্রাথমিকভাবে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করা হয়। দুই আসামির প্রত্যেকের কাছ থেকে আনুমানিক ছয় কেজি করে মোট ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
