১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে যাওয়ার আগে বাবাকে দৌড়ে এসে মেয়ের চুমু

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গত ১১ নভেম্বর রাতে আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:46 PM

Updated : 16 Nov 2026, 05:46 PM

রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেপ্তার মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

শুনানি শেষে এ দিন আদালত থেকে রানাকে হাজতখানায় নেওয়ার পথে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরেন তার মেয়ে। এ সময় হাতকড়া পরা বাবার গালে চুমু দেয় মেয়েটি। বাবাও যাওয়ার পথে মেয়ের কপালে চুমু দিয়ে আদর করে দেন। এ সময় রানা আমির ওসমানের কয়েকজন স্বজন সেখানে ছিলেন।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা মেয়েটি ও স্বজনদের সরিয়ে দিয়ে রানাকে হাজতখানায় নিয়ে যায়।

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের বাসা থেকে গত ১১ নভেম্বর রাতে আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই মোফাজ্জল হোসেন।

আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন সোমবার। এ দিন শুনানিকালে রানাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী, ফারহানা সরকার সুমিসহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। শুনানি নিয়ে আদালত রানাকে ৪ দিনের রিমান্ডে পাঠায়।

রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে গত ৫ নভেম্বর রাতে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন পল্টন মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন এসআই আব্দুল মমিন।