২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে তিন সহকর্মী কারাগারে

গত ৭ নভেম্বর হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 05:21 PM

Updated : 27 Nov 2026, 05:21 PM

মডেল মাহমুদুল হাসান সিয়াম হত্যা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

তিনি বলেন, “আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না।”

কারাগারে পাঠানো তিনজন হলেন—রিসান, মীম চৌধুরী ও আমিরা খান।

গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছর বয়সি সিয়ামের লাশ উদ্ধার করা হয়। তিনি মডেলিংয়ের কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম সেলিম মিয়া।

ঘটনার দিনই হোটেলে সিয়ামের সঙ্গে থাকা রিসান, মীম চৌধুরী ও আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

তাদের ভাষ্য ছিল, ছবি তুলতে গিয়ে সিয়াম নিচে পড়ে যান। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর ১০ নভেম্বর সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই তিনজনের পাশাপাশি হোটেল মালিক সুলতান, ব্যবস্থাপক সুজন, কর্মচারী সাব্বির ও অচেনা ব্যক্তিদের আসামি করা হয়।

৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিনজনকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর ১৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করলেও সেদিন আমিরাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। পরে ২৪ নভেম্বর রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে সেলিম মিয়া অভিযোগ করেন, পড়াশোনার পাশাপাশি মডেলিং করত সিয়াম। শুটিংয়ের কাজে উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকতেন তিনি।

গত ৩ নভেম্বর থেকে উত্তরার ১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে শুটিংয়ের কাজ করছিল সিয়াম। ৭ নভেম্বর রাতে সেলিম খবর পান, বিকাল সাড়ে ৪টার দিকে হোটেলের কক্ষের জানালা দিয়ে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে।

উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখেন পরিবারের সদস্যরা। পরে তারা বিমানবন্দর থানায় যান। সেখানে পুলিশের হেফাজতে থাকা রিসান, মীম ও আমিরার কাছে সিয়ামের মৃত্যুর বিষয়ে জানতে চান সেলিম মিয়া।

এজাহারে তিনি অভিযোগ করেন, তিনজন একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন এবং মৃত্যুর বিষয়ে বিভিন্ন তথ্য গোপন করেছেন।

সেলিম মিয়ার অভিযোগ, “রিসান, মীম ও আমিরাসহ অন্যরা পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।”

এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।