পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে
মেয়েদের কেন্দ্রীয় চুক্তির দুটি ক্যাটাগরি পুরোপুরি বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বড় ধরনের ‘ছাঁটাইয়ে’ কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা ২০ থেকে আটজনে কমিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন অধিনায়ক ফাতিমা সানা ও স্পিনার সাদিয়া ইকবাল।
‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সিদরা আমিন, মুনিবা আলি ও নাশরা সান্ধু। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস। গত বছর চুক্তিতে না থাকা ক্রিকেটারদের মধ্যে এবার কেবল আয়েশা জাফরই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।
গত বছর কেন্দ্রীয় চুক্তি পাওয়া ২০ জনের মধ্যে ১২ জনই ছিলেন ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে। এবার এই দুই ক্যাটাগরি পুরোপুরি বাদ দিয়েছে পিসিবি।
এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি আয়মান ফাতিমা, শাওয়াল জুলফিকার, আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাটালিয়া পারভাইজ, ওমাইমা সোহাইল, সিদরা নাওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতারের।
নতুন এই কেন্দ্রীয় চুক্তি কার্যকর ধরা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। চুক্তির মেয়াদ থাকবে আগামী বছরের জুনের শেষ পর্যন্ত।
১১ দলের আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে এখন পঞ্চম স্থানে আছে পাকিস্তান। তিনটি ওয়ানডে সিরিজের মধ্যে দুটিতেই হেরেছে তারা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
