১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

পাকিস্তান ও শ্রীলঙ্কার জরিমানা

মন্থর ওভার রেটের কারণে দুই দলকে ভিন্ন মাত্রার শাস্তি দেওয়া হয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার জরিমানা

ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 09:23 PM

Updated : 19 Oct 2026, 09:23 PM

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের ক্রিকেটারদের ভিন্ন হারে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাওয়ালপিন্ডিতে রোববার লঙ্কানদের ৩৭ রানে হারায় পাকিস্তান। পরদিন দুই দলকে জরিমানা করার কথা জানায় আইসিসি।

পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করার কথা আইসিসির বিবৃতিতে বলা হয়েছে।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে দুই ওভার কম বল করেছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা কম করেছে এক ওভার।

ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কা অধিনায়ক কুসাল মেন্ডিস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরে বৃহস্পতিবার ইংলিশদের বিপক্ষে খেলবে লঙ্কানরা।