বড় পরাজয়ের পর হৃদয়-তাসকিনদের জরিমানা
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারের ম্যাচে শাস্তিও পেতে হচ্ছে বাংলাদেশ দলকে।
বড় ব্যবধানে হারের যন্ত্রণা তো আছেই। সঙ্গে এবার শাস্তির খড়গও নেমে এলো বাংলাদেশ দলের জন্য। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মন্থর ওভার-রেটের জন্য জরিমানা গুনতে হবে তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্তদের।
আবু ধাবিতে শনিবার জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হেরে যাওয়ার ম্যাচটিতে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয় বাংলাদেশ দলকে।
নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে এক ওভার কম বল করে বাংলাদেশ দল। ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসি আচরণবিধির অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের প্রস্তাবিত শাস্তি মেনে নেন বাংলাদেশের অধিনায়ক হৃদয়। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন হয়নি।
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ লড়বে আফগানদের বিপক্ষে।
