১৫ পয়েন্ট কাটা গেল শ্রীলঙ্কার, পাকিস্তানের ৫
ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে লঙ্কান ক্রিকেটারদের।
মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এই দুই দলের।
রাওয়ালপিন্ডিতে দল দুটির প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১৫ ওভার কম করায় লঙ্কানদের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। আর পাঁচ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের কাটা হয়েছে পাঁচ পয়েন্ট।
এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। দলটির পয়েন্টের শতকরা হারও বড় ধাক্কা খেয়ে ৩৩.৩৩ থেকে কমে দাঁড়িয়েছে ১৫.৪৭ এ।
অন্যদিকে ৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে, নবম স্থানে আছে পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।
দুই দলকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ।
সেই হিসাবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং পাকিস্তানের খেলোয়াড়দের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি ডিন কসকারের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শ্রীলঙ্কার অধিনায়ক কুসাল মেন্ডিস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনের লড়াইয়ের পর ড্র হয় সিরিজের প্রথম টেস্ট।
