০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলানো নিয়ে যা বললেন ভারত কোচ ও অধিনায়ক

সম্প্রতি নানা টুর্নামেন্টে দুই পক্ষের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ভারত কোচ ও অধিনায়ক তাদের অবস্থান পরিষ্কার করলেন।

পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলানো নিয়ে যা বললেন ভারত কোচ ও অধিনায়ক

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারত কোচ নওশাদ মুসা ও অধিনায়ক নাথান রদ্রিগেজ। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:48 PM

Updated : 04 Nov 2026, 08:48 PM

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সম্প্রতি ক্রিকেট থেকে শুরু করে নানা প্রতিযোগিতায় দুই পক্ষের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এবার কী হবে? ভারত কোচ নওশাদ মুসা ও অধিনায়ক নাথান রদ্রিগেজ অবশ্য সৌহার্দ্যোর বার্তাই দিলেন। বললেন, পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলাতে কোনো সমস্যা নেই তাদের।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথে ভারত যাত্রা শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাফের আঙিনায় দুই দলের সবশেষ দেখায় ৪-০ গোলে জিতেছিল ভারত। বেঙ্গালুরুতে সেবার নবম শিরোপা জিতেছিল তারা।

এবার অবশ্য ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় এসেছে ভারত। মুসাও সিনিয়র টিমের কোচ নন। খালিদ জামিল মূল দল নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন বলে, মুসা এসেছে মূলত যুব দল নিয়ে। প্রস্তুতির কমতির কথা বুধবারের সংবাদ সম্মেলনেও তুলে ধরলেন তিনি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়েও সমীহ ঝরল তার কণ্ঠে।

“প্রস্তুতির কথা বললে, আমরা পর্যাপ্ত সময় পাইনি। কারণ একদিকে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) চলছে এবং আমি এখানে পুরো মূল দল নিয়ে আসিনি। তবে আমি নিশ্চিতভাবে বলব, যে দলটি নিয়ে এসেছি তা তরুণ, প্রতিভাবান এবং শক্তিশালী।

“দেখুন, অতীতে যে পাকিস্তান দল আসত এবং বর্তমান দলের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। বর্তমান দলের অনেকেই ইউরোপে খেলছে; হতে পারে তারা চতুর্থ বা পঞ্চম বিভাগে খেলছে, কিন্তু তাদের অনেক খেলোয়াড় বিদেশে নিয়মিত খেলছে। তাই দলটি বেশ শক্তিশালী। এমন নয় যে, গতবার আমরা তাদের ৪-০ গোলে হারিয়েছি বলেই এবারও সহজ হবে। আমরা সম্পূর্ণ ভিন্ন এক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছি এবং নিশ্চিতভাবেই আমরা তার জন্য প্রস্তুত।”

হাত মেলাবেন কিনা-এই প্রশ্ন উঠতে অধিনায়ক নাথান এবং কোচ দুজনই দিলেন ইতিবাচক উত্তর। অধিনায়ক বললেন, “অবশ্যই, হ্যাঁ। এটি কোনো বড় বিষয় নয়; আমরা অবশ্যই হাত মেলাব।”

পাশেই বসে থাকা কোচ মুসা বললেন, “অবশ্যই, প্রয়োজন হলে আমরা তাদের বুকে জড়িয়ে ধরতেও রাজি আছি।”