২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধার আশ্বাস অস্ট্রেলিয়ার

বাংলাদেশের আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করতে অস্ট্রেলিয়ার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:44 AM

Updated : 25 Nov 2026, 11:44 AM

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণের পরও পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রতিশ্রুতি মিলেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত দুই দেশের পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অস্ট্রেলিয়া দলে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

অস্ট্রেলিয়ার বাজারে রপ্তানি বাড়াতে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা বৈঠকে তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় আসে।

বাংলাদেশের আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করতে অস্ট্রেলিয়ার প্রতি অনুরোধ জানানো হয়। এ কাজে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাতে সরকারের দেওয়া বিনিয়োগ প্রণোদনার বিষয়টিও জানানো হয়।

দুই দেশের বাণিজ্য বাড়াতে পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা সই হয়। এর আওতায় দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।