১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংস্কারে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

নিউ ইয়র্কে জাতিসংঘের দুই সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

অর্থনৈতিক সংস্কারে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:50 PM

Updated : 17 Nov 2026, 06:50 PM

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থা দুটির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠক করেন স্বপন। অন্যদিকে, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার প্রতিনিধি হিসেবে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠক করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের শার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হকসহ জাতিসংঘের দুই সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টার প্রেস সেক্রেটারি খোন্দকার কাওছার হোসেন জানান, ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং মসৃণ উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি—এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ইউএনডিপির সহযোগিতার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।

ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

বৈঠকে বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা উন্নয়ন, ধাত্রীসেবার পরিধি বাড়ানো, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে উভয় সংস্থার চলমান কর্মসূচি আরও সময়োপযোগী করার প্রস্তাব দেন জহির উদ্দিন স্বপন।

উভয় সংস্থার প্রতিনিধিরা এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।