২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম

নকিয়া ও এরিকসনসহ ১০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:16 AM

Updated : 25 Nov 2026, 11:16 AM

সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের পেশাগত যোগাযোগ বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শ দিতে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম ২০২৬’।

রোববার অনুষ্ঠিত এ আয়োজনে দেড় শতাধিক বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।

স্টকহোমের ন্যয়া রগসভেডস ফোলকেটস হুসে সুইডেনভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরা-আমরা’ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি পর্বে সাজানো হয়েছিল এবারের ক্যারিয়ার ফোরাম। এর মধ্যে ছিল পরিচিতি ও যোগাযোগ স্থাপন, বিশেষজ্ঞদের আলোচনা ও উপস্থাপনা, পেশাভিত্তিক তথ্য ও পরামর্শকেন্দ্র এবং চাকরির মেলা।

প্রথম পর্বে বিভিন্ন পেশার অংশগ্রহণকারীরা নিজেদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি পেশাগত যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।

দ্বিতীয় পর্বে সুইডেনের বর্তমান চাকরির বাজার, কর্মসংস্থানের সুযোগ এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। দেশটির শ্রমবাজারে প্রবেশের প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

তৃতীয় পর্বে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা তথ্য ও পরামর্শকেন্দ্র পরিচালনা করেন। সেখানে চাকরিপ্রার্থী, শিক্ষার্থী এবং পেশা পরিবর্তনে আগ্রহীরা সংশ্লিষ্ট ক্ষেত্রের কাজের ধরন, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে পারেন। অভিজ্ঞ পেশাজীবীরা তাদের কাজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ দেন।

ফোরামের শেষ পর্বে অনুষ্ঠিত হয় ‘চাকরির মেলা’। এতে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান নকিয়া ও এরিকসনসহ সুইডেনে কার্যক্রম পরিচালনাকারী ১০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজেদের কর্মপরিবেশ, চাকরির সুযোগ, কর্মীদের সুযোগ-সুবিধা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের জানান।

এ সময় আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা ও আগ্রহ তুলে ধরার সুযোগ পান।

আয়োজকদের ভাষ্য, সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞান ভাগাভাগির মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে কর্মজীবন গঠনে সহায়তা করতে চান তারা।

‘আমরা-আমরা’ জানিয়েছে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে প্রতিবছর এ ক্যারিয়ার ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।