০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

গান, নাচ, কবিতা আবৃত্তি ও যুগল নৃত্যে মুখর ছিল আয়োজন।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 12:16 PM

Updated : 03 Nov 2026, 12:16 PM

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’র উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গান, নাচ, কবিতা আবৃত্তি ও যুগল নৃত্য প্রতিযোগিতায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রোববার দুপুরে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশি নারী, তাদের পরিবারের সদস্য ও কমিউনিটি নেতা-কর্মীরা অংশ নেন।

তিন নারী উদ্যোক্তা সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিনের উদ্যোগে গত বছর সিডনিতে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’র পরিকল্পনা করা হয়। এ উদ্যোগে সহযোগিতা করেন সুমি আজাদ, শিমু আক্তার ও লুবনা ইয়াসমিন সুইটি।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঘরোয়া পরিবেশে পিঠা উৎসব, মিলনমেলা ও মতবিনিময় সভার আয়োজন করে আসছে। তারা জানান, প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি নারীদের সামাজিক অংশগ্রহণ বাড়ানো এবং কমিউনিটির মানুষের মধ্যে সম্প্রীতি গড়তে এবার বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসবে বক্তব্য দেন সংগঠক গামা আব্দুল কাদির, আইনজীবী সিরাজুল হক, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন, রতন কুন্ডু, আলমগীর ইসলাম বাবু, গাওসুল আলম শাহজাদা, এমরান এইচ সরকার, ফয়সাল আজাদ, শফিক শেখ ও কবির হোসেন।

উৎসবের সাংস্কৃতিক পর্বে উপস্থাপনা করেন আকিদুল ইসলাম ও রতন কুন্ডু। এ পর্বে একক সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, এমদাদুল হক তুহিন, আরিফ খান ও রোকসানা নাজনীন। নৃত্য পরিবেশন করেন ফারিয়া আনজুম।