১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিডনিতে ‘সিসিএ স্প্রিং ফেয়ার’: প্রবাসীদের সম্প্রীতির বর্ণিল দিন

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 02:10 AM

Updated : 14 Oct 2026, 02:10 AM

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা গানের সুর, নাচের ছন্দ, দেশীয় খাবারের ঘ্রাণ আর প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে রোববার সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের সাংস্কৃতিক পর্বে দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সাকিনা আক্তারের সঞ্চালনায় আয়োজিত মূল মঞ্চে বাংলাদেশ থেকে আসা শিল্পী রবি চৌধুরী, প্রিয়াঙ্কা, সাগর বাউল ও সিথীর পরিবেশনা মেলায় আলাদা মাত্রা যোগ করে।

এছাড়া ‘স্বপ্ন ব্যান্ড’, ‘ভবের হাট’ এবং স্থানীয় শিল্পী মাসুদ মিথুন, আতিক হেলাল ও মিতা আতিকের গান সাংস্কৃতিক অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। নৃত্য পরিবেশন করেন অর্পিতা সেন চৌধুরী ও তার দল।

দেশীয় পোশাক, ফ্যাশন সামগ্রী, নানা পদের খাবার এবং বাংলাদেশি ও বহুসাংস্কৃতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনীর জন্য একাধিক স্টল সাজানো হয়েছিল। মেলায় ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টসের পরিচালনায় শিশু-কিশোরদের জন্য খেলাধুলা ও চড়কিসহ নানা রাইডের ব্যবস্থা ছিল, যা ছোটদের মেলা ভ্রমণকে আনন্দময় করে তোলে।

অনুষ্ঠানের অন্যতম মুহূর্ত ছিল বিকেলে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের সাংসদ ডেভিড সালিবার আগমন। সিসিএ-র সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ ও নির্বাহী সদস্য ইরফান ফয়েজের নেতৃত্বে সংগঠনের নেতারা তাদের অভ্যর্থনা জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিসিএ-র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, বিভিন্ন কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।