‘ওডিসি’ অবলম্বনে বিখ্যাত ১০টি চিত্রকর্ম
বাংলাদেশেও কিছুদিন আগে প্রদর্শিত হয়ে গেল সেই সিনেমা। তবে চলচ্চিত্রের বাইরে অনেক বিখ্যাত ও স্বল্প পরিচিত বহু চিত্রশিল্পী এঁকেছেন এই মহাকাব্যের কোনো দৃশ্য বা চরিত্র, কিন্তু আমরা সে সম্পর্কে খুব বেশি অবগত নই।
পৃথিবীর অল্প কয়েকটি মহাকাব্যের একটি হোমারের ওডিসি। শতাব্দির পর শতাব্দি ধরে এটি নানা ভাষায় অনূদিত হয়ে অসংখ্য পাঠককে মুগ্ধ করে রেখেছে। এই মহাকাব্য অবলম্বনে নানা সময়ে চলচ্চিত্র, কার্টুনসহ নানা রকম শিল্পকর্ম তৈরি হয়েছে পৃথিবীর নানান প্রান্তে। সর্বশেষ ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ নামক চলচ্চিত্র সম্প্রতি ঝড় তুলেছে পৃথিবীর দর্শকদের মনে। বাংলাদেশেও কিছুদিন আগে প্রদর্শিত হয়ে গেল সেই সিনেমা। তবে চলচ্চিত্রের বাইরে অনেক বিখ্যাত ও স্বল্প পরিচিত বহু চিত্রশিল্পী এঁকেছেন এই মহাকাব্যের কোনো দৃশ্য বা চরিত্র, কিন্তু আমরা সে সম্পর্কে খুব বেশি অবগত নই। বিদেশি নিবন্ধের অনুবাদে এখানে থাকছে উল্লেখযোগ্য কিছু চিত্রকর্মের হদিস। নিবন্ধটি অনুবাদ করেছেন নীলিমা রশিদ তৌহিদা। বি.স
‘ওডিসি’তে টেলিমেকাস ও মেন্টর
‘ওডিসি’ মহাকাব্যের প্রথম সর্গে, গ্রিক পুরাণের প্রজ্ঞা, যুদ্ধকৌশল ও কারুশিল্পের দেবী এথেনা ওডিসিয়াসের বিশ্বস্ত বৃদ্ধ বন্ধু মেন্টরের ছদ্মবেশ ধারণ করে টেলিমেকাসকে তার নিখোঁজ পিতা ওডিসিয়াসের সন্ধানে বেরিয়ে পড়ার পরামর্শ দেন।
১৬৯৯ সালে ক্যামব্রেয়ারের প্রধান ধর্মযাজক ফ্রঁসোয়া ফেনেলোঁ ( ১৬৫১-১৭১৫) Les aventures de Télémaque নামক একটি উপদেশমূলক গ্রন্থ রচনা করেন। হোমারের ‘ওডিসি’ অবলম্বনে রচিত এ গ্রন্থে তিনি পিতার খোঁজে পুত্র টেলিমেকাসের রোমাঞ্চকর কাহিনি বর্ণনা করেন। ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয় এ গ্রন্থটির অনেক সংস্করণ প্রকাশিত হয়েছিল। উপরে উল্লেখিত ছবিটি তার-ই একটি সংস্করণ থেকে সংগৃহীত।
ওডিসিতে ওডিসিয়াস ও নওসিকা
‘ওডিসি’র ষষ্ঠ সর্গে, ফেইসিকার রাজকুমারী নওসিকার সাথে ওডিসিয়াসের সাক্ষাৎ হয়। নওসিকা ও তার সঙ্গীরা মিলে কাপড় ধোয়ার কাজ করছিলেন। জাহাজডুবির পর সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় ওডিসিয়াস সমুদ্রতীরে এসে পড়েছিলেন। শালীনতা রক্ষার তাগিদে তিনি হাতের কাছে পাওয়া কিছু লতা-পাতা দিয়ে নিজেকে আবৃত করেন।
ক্রিস্টোফ আমবার্গার (আনুমানিক ১৫০৫-১৫৬১/২) ছিলেন একজন জামার্ন প্রতিকৃতি শিল্পী।
অ্যালসিনাসের প্রাসাদে ওডিসিয়াস
‘ওডিসি’র অষ্টম সর্গে, ওডিসিয়াস—যিনি নওসিকার বাবা ফেইসিয়ানদের রাজা অ্যালসিনাসের প্রাসাদে অবস্থান করছেন—তখনও নিজের পরিচয় প্রকাশ করেন নি। রাজকীয় আতিথেয়তার অংশ হিসেবে সেখানে চারণকবি ডেমোডোকোস গান গাইছিলেন। যার বিষয়বস্তু ছিল স্বয়ং ওডিসিয়াসের জীবনের নানা অভিজ্ঞতা। এই গান শুনে ওডিসিয়াসের দুই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
ফ্রান্সেস্কো হায়েয (১৭৯১-১৮৮২) ছিলেন ভেনিসের একজন চিত্রশিল্পী যিনি ইতালীয় নব্যধ্রুপদীবাদ থেকে রোমান্টিকতাবাদের দিকে যে পরিবর্তন হয় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ওডিসিতে ওডিসিয়াস, তাঁর সঙ্গীগণ ও পলিফেমাস
'ওডিসি'র নবম সর্গে, ওডিসিয়াস পসাইডনের পুত্র, সাইক্লপস পলিফেমাসের সাথে নিজের সাক্ষাতের ঘটনা বর্ণনা করেছেন। সেই দানবের তথাকথিত 'আতিথেয়তা' থেকে নিষ্কৃতি পেতে ওডিসিয়াস তাকে মদ্যপ করে তোলেন। এরপর তিনি ও তার সঙ্গীরা মিলে সাইক্লপসের একমাত্র চোখটি উপড়ে ফেলেন। ওডিসিয়াসের সঙ্গীদের খেয়ে ফেলার এটাই ছিল উপযুক্ত শাস্তি।
সার্সি
ফেইসিয়ানদের রাজদরবারে অবস্থানকালে, (যেখানে তিনি 'ওডিসি' মহাকাব্যের সপ্তম সর্গ থেকেই রয়েছেন), ওডিসিয়াস তার রোমাঞ্চকর অভিযানের গল্প বর্ণনা করেন। এই অভিযানের একটি অংশ হলো মায়াবিনী সার্সির দ্বীপে তার অবস্থান; যেখানে সার্সি ওডিসিয়াসের সঙ্গীদের শূকরে রূপান্তর করেছিলেন।
দশম সর্গে, ওডিসিয়াস ফেইসিয়ানদের কাছে বর্ণনা করেন যে তিনি ও তার সঙ্গীরা যখন সার্সির দ্বীপে পৌঁছান তখন সেখানে কী ঘটেছিল। চিত্রকর্মটিতে দেখা যায় সার্সি ওডিসিয়াসকে একটি জাদুকরী পেয়ালা এগিয়ে দিচ্ছেন। এই পেয়ালার পানীয় ওডিসিয়াসকে পশুতে রূপান্তরিত করত যদি না তিনি হার্মিসের কাছ থেকে অলৌকিক সহায়তা (এবং আক্রমণাত্নক হওয়ার পরামর্শ) পেতেন।
জন উইলিয়াম ওয়াটারহাউজ ছিলেন একজন ইংরেজ নব্যধ্রুপদী চিত্রশিল্পী যিনি পূর্ব রাফায়েলীয় ধারার দ্বারা প্রভাবিত ছিলেন।
'ওডিসি'তে ওডিসিয়াস ও সাইরেনসমূহ
সাইরেনের ডাক বলতে এমন কিছু বোঝায় যা খুব প্রলুব্ধকর এবং একইসাথে বিপদজ্জনক ও প্রাণঘাতী। এমনকি বিষয়টি যে ক্ষতিকর তা জানা সত্ত্বেও, সাইরেনের ডাক উপেক্ষা করা ভীষণ কঠিন। গ্রিক পুরাণে, সাইরেন হলো সমুদ্রের এমন এক ধরনের অপ্সরা যাদের রূপের পাশাপাশি কন্ঠস্বরও অত্যন্ত মোহনীয়।
'ওডিসি' মহাকাব্যের দ্বাদশ সর্গে, সার্সি ওডিসিয়াসকে সমুদ্রযাত্রার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। এই বিপদগুলোর মধ্যে অন্যতম ছিল সাইরেনদের উপস্থিতি।
আর্গনটদের অভিযানের সময়, জ্যাসন ও তার সঙ্গীরা অরফিউসের গানের সহায়তায় সাইরেনদের বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু ওডিসিয়াসের সঙ্গে এমন কোনো অরফিউস ছিলেন না যিনি সাইরেনদের মোহনীয় কন্ঠস্বর ছাপিয়ে যেতে পারতেন। এজন্য ওডিসিয়াস তাঁর সঙ্গীদের মোম দিয়ে নিজেদের কান বন্ধ করে রাখার নির্দেশ দিলেন। একইসাথে তাকেও জাহাজের মাস্তুলের সাথে শক্ত করে বেধে রাখতে বললেন। এতে করে তিনি নিজে সাইরেনদের গানও শুনতে পারবেন আবার পালিয়েও যেতে পারবেন না। এই চিত্রকর্মটিতে সাইরেনদেরকে খুব সুন্দরী 'অর্ধেক নারী-অর্ধেক পাখি' রূপে দেখানো হয়েছে যারা দূর থেকে প্রলুব্ধ করার পরিবর্তে সরাসরি শিকারের কাছে উড়ে আসে।
জন উইলিয়াম ওয়াটারহাউজ ছিলেন একজন ইংরেজ নব্যধ্রুপদী চিত্রশিল্পী যিনি পূর্ব রাফায়েলীয় ধারার দ্বারা প্রভাবিত ছিলেন।
ওডিসিয়াস ও টায়রেসিয়াস
ওডিসিয়াস তার ‘নেকুইয়া’ (পরলোকে মৃতদের আত্নার সাথে সাক্ষাৎ)-এর সময় টায়রেসিয়াসের আত্নার সাথে শলা-পরামর্শ করেন। এই দৃশ্যটি ‘ওডিসি’ মহাকাব্যের একাদশ সর্গ অবলম্বনে চিত্রিত। বামদিকে টুপি পরিহিত লোকটি হচ্ছে ওডিসিয়াসের সঙ্গী ইউরিলোকাস।
ডোলন পেইন্টারের এই চিত্রকর্মটি একটি লুকানিয়ান লাল চিত্রযুক্ত ক্যালিক্স ক্রাটারের ওপর অঙ্কিত। ক্যালিক্স ক্রাটার হলো প্রাচীন গ্রিসের এক ধরনের মাটির পাত্র যা মদ ও জল মেশানোর কাজে ব্যবহৃত হত।
ওডিসিয়াস ও ক্যালিপসো
‘ওডিসি’র পঞ্চম সর্গে, এথেনা অভিযোগ করেন যে ক্যালিপসো ওডিসিয়াসকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছেন। তাই জিউস হার্মিসকে পাঠান ক্যালিপসোকে নির্দেশ দিতে যাতে তিনি ওডিসিয়াসকে মুক্তি দেন। পাবলিক ডোমেইনে থাকা অনুবাদের একটি অনুচ্ছেদ এখানে তুলে ধরা হলো যেখানে সুইস শিল্পী আর্নল্ড বক্লিন (১৮২৭-১৯০১) তার এই চিত্রকর্মটির বিষয়বস্তু নিয়ে কথা বলেন: “ক্যালিপসো হার্মিসকে দেখামাত্রই চিনতে পারলেন কারণ দেবতারা একেকজন যতই দূরে থাকুন না কেন তারা একে অপরকে চেনেন। কিন্তু ইউলিসিস তখন সেখানে ছিলেন না; বরাবরের মতোই তিনি সমুদ্রতীরে বসে অশ্রুসিক্ত নয়নে প্রাণহীন সমুদ্রের দিকে তাকিয়ে ছিলেন এবং শোকে কাতরাচ্ছিলেন।”
ওডিসিয়াস ও তার কুকুর আর্গোস
ছদ্মবেশে ওডিসিয়াস ইথাকায় ফিরলেন। ইথাকার বেশিরভাগ মানুষই তাকে একজন বৃদ্ধ ভিক্ষুক মনে করলেন। তবে তার পুরোনো পরিচারিকা একটি ক্ষতচিহ্ন দেখে তাকে ঠিকই চিনতে পারলেন। আর ওডিসিয়াসের কুকুরটি? সহজাত উপায়ে সেও নিজের মনিবকে চিনতে পেরেছিল। তবে বয়স হওয়ার কারণে বিশ্বস্ত এই কুকুরটি শীঘ্রই মারা যায়। এই ছবিতে কুকুরটিকে ওডিসিয়াসের পায়ের কাছে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
ব্রাইটন বিভেইরে ১৮৮৫ সালে এই ছবি আঁকেন।
‘ওডিসি’ মহাকাব্যের শেষে পাণিপ্রার্থীদের হত্যাকাণ্ড
‘ওডিসি’র বাইশতম সর্গে পাণিপ্রার্থীদের হত্যাকাণ্ডের বর্ণনা রয়েছে। ওডিসিউস ও তার তিনজন সঙ্গী সেই সমস্ত পাণিপ্রার্থীদের বিরুদ্ধে রুখে দাড়ান যারা তার সম্পত্তি লুট করছিল। লড়াইটি ন্যায্য ছিল না কারণ ওডিসিয়াস কৌশলে পাণিপ্রার্থীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে সক্ষম হয়েছিল যার ফলে একমাত্র ওডিসিয়াস ও তার সঙ্গীরাই তখন সশস্ত্র ছিল।
বিজ্ঞানীরা এই পৌরাণিক ঘটনাটির সময়কাল নির্ধারণ করেছেন। ওডিসিয়াসের হাতে পাণিপ্রার্থীদের হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়কাল নির্ধারণ করতে তারা সূর্যগ্রহনের তথ্য ব্যবহার করেছেন।
এই চিত্রকর্মটি একটি বেল-ক্র্যাটারের ওপর অঙ্কিত। বেল ক্র্যাটার হলো এমন এক ধরনের প্রাচীন গ্রিক মাটির পাত্র যার ভেতরের অংশটি খুব চকচকে এবং এটি মদ ও জল মেশানোর কাজে ব্যবহৃত হত।
