২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিলে জয় হবে ভালোবাসার: শাহরুখ

“চোখে চোখ রেখে শত্রুদের উত্তর দেবেন। আমাদের আক্রমণ করতে এলে, সেটা তাদের জন্যই হবে ভয়ের কারণ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 09:33 PM

Updated : 23 Nov 2026, 09:33 PM

ঘৃণা-বিদ্বেষ ও নাশকতার উসকানি না দিয়ে ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে এই বার্তাই দিয়েছেন শাহরুখ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি স্মরণে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় আসরে উপস্থিত ছিলেন শাহরুখসহ ভারতের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের একাধিক তারকা, রাজনীতিবিদ।

সেখানে শাহরুখ বলেন, “২৬/১১ হামলা, পেহেলগামের জঙ্গি হামলা, দিল্লিতে বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।”

শান্তি বজায় রাখা প্রসঙ্গে তিনি বলেন, “শান্তি এবং স্বস্তির উৎপত্তি আমাদের হৃদয় থেকে হয়।”

শাহরুখের বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তার ছোট ছেলে আব্রাম খারের সঙ্গে একটি কথোপকথনের স্মৃতিচারণা।

শহারুখ বলেন, একদিন আব্রাম তাকে প্রশ্ন করেছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় রূপান্তর করা যায়? ছেলের সেই প্রশ্নের উত্তরে শাহরুখ যা বলেছিলেন, এবার তাই সবার সামনে তুলে ধরেন তিনি।

শাহরুখ বলেন, “আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুব সহজ। আমরা সবাই যদি সহিংসতা, ভয়ের বদলে আজকে বিশ্বাসকে বেছে নিই এবং একসঙ্গে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিই, তাহলে ভালোবাসারই জয় হবে।’

শাহরুখ মনে করেন, শান্তি কেবল সুন্দর একটি ধারণা নয়; এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতি। প্রতিদিনের আচরণে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন শাহরুখ।

দেশের সীমান্ত রক্ষার্থে যে সেনারা কাজ করছেন, তাদের পরামর্শও দিয়েছেন বলিউডের এই নায়ক।

ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, “চোখে চোখ রেখে শত্রুদের উত্তর দেবেন। আমাদের আক্রমণ করতে এলে, সেটা তাদের জন্যই হবে ভয়ের কারণ।”

দেশরক্ষা করা গর্বের কাজ মন্তব্য করে তিনি বলেন, “দেশের ১৪০ কোটি লোকের আশীর্বাদ সবসময় সেনাদের জন্য রয়েছে। এটাই বড় প্রাপ্তি, মূল্যবান উপার্জন।”

দেশবাসীর উদ্দেশে শাহরুখের কথায়, “আসুন, আমরা সকলে মিলে শান্তির পথে এগিয়ে যাই। ধর্ম-জাতপাতের ভেদাভেদ ভুলে মনুষ্যত্বকে প্রাধান্য দেই। দেশের স্বার্থে আমাদের বীর যোদ্ধারা আত্মত্যাগ করছেন। তাদের এই ত্যাগ যেন বৃথা না যায়।”

আরও পড়ুন:

শাহরুখের ৬১, বুর্জ খলিফা আলোকিত বিশেষ বার্তায়