শাহরুখের ৬১, বুর্জ খলিফা আলোকিত বিশেষ বার্তায়
ব্যাগে সামান্য কাপড়, মায়ের একটি ছবি আর চোখ ভরা স্বপ্ন নিয়ে ১৯৯১ সালে শাহরুখ দিল্লি থেকে পা রাখেন মুম্বাইয়ে।
টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করা তরুণটি কেবল বড় পর্দাতেই জায়গা করে নেননি; প্রযোজনা, ক্রিকেটের দুনিয়া ও বিজ্ঞাপনে বিনিয়োগ করে তিন দশকের বেশি সময় ধরে নিজের সাম্রাজ্য গড়েছেন।
তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খান; এক আবেগ, ভালোবাসা, উন্মাদনার নাম।
সোমবার নায়কের ৬১তম জন্মবার্ষিকীতে দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা হয়ে ওঠে আলোকিত। আর তাতে শাহরুখের ছবির সঙ্গে ভেসে ওঠে ‘আই লাভ ইউ’ লেখা।
নিউজ এইট্টিন জানিয়েছে, এবারই প্রথম নয় এর আগেও আকাশচুম্বী ভবনে শাহরুখের জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
এই উদযাপনের অংশ হিসেবে দুবাইয়ে ফাউন্টেন শো-এরও আয়োজন করা হয়, যেখানে আবহ সঙ্গীতে শাহরুখের 'ওম শান্তি ওম' এবং 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এর মত জনপ্রিয় সিনেমার গানগুলো বাজানো হয়।
১৯৬৫ সালে এদিনই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল শাহরুখের। ৬১ বছরের জীবনে ৩৩ বছর তিনি কাটিয়ে দিয়েছেন সিনেমার সঙ্গে।
ব্যাগে সামান্য কাপড়, মায়ের একটি ছবি আর চোখ ভরা স্বপ্ন নিয়ে ১৯৯১ সালে দিল্লি থেকে পা রাখেন মুম্বাইয়ে। পরের বছর ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় পরিচিতি পান। প্রথম সিনেমাতেই ঝুলিতে পুরেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।
তখনও কারোর ভাবনাতেও হয়ত ছিল না, সেই তরুণ হয়ে উঠবেন বলিউডের বাদশাহ।
অভিনয়ের প্রথম দশকে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মত রোমান্টিক ঘরানার সিনেমা দেখা গেছে তাকে। অনেক ভক্তের কাছে রোমান্টিক সিনেমা মানেই নব্বই দশকের শাহরুখ।
অভিনয়ের দ্বিতীয় দশকে ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সব মহলে প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। এসব কাজ শাহরুখের প্রচলিত রোমান্টিক সিনেমা থেকে অনেকটাই আলাদা করে তোলে।
পরের দশকে চরিত্রনির্ভর কিছু কাজ করতে গিয়ে শাহরুখের সব সিনেমা বক্স অফিসকে সন্তুষ্ট করতে পারেনি।
সফলতা, ব্যর্থতা, চড়াই-উৎরাই শাহরুখের দীর্ঘ যাত্রাপথের সঙ্গী। তবে একসময়ে টানা ব্যর্থতায় প্রায় অস্তমিত হতে বসেছিলেন তিনি। নিয়েছিলেন বিরতি। কোভিড মহামারীর পর ‘প্রায় ডুবি ডুবি’ বলিউড আবার ঘুরে দাঁড়ায় শাহরুখে একক সাফল্যে ভর করে।
২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে চাঙ্গা করে তোলেন শাহরুখ; ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় অ্যাকশন করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন রোমান্সের পাশাপাশি অ্যাকশনেও সিদ্ধহস্ত তিনি।একই বছর তার ‘ডানকি’ সিনেমা ‘হিট না হলেও’ সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এরপর থেকে শাহরুখ ফের বড় পর্দায় অনুপস্থিত। তবে সেই অনুপস্থিতি মানে কাজে বিরতি নয়। চলতি বছরের শেষে আসছে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে অভিনেতার নতুন সিনেমা ‘কিং’।
শেষ দুবছর ধরে চলেছে ‘কিং’ নিয়ে শাহরুখের টানা কাজ।
রোববার মাঝরাতে 'কিং'-এর প্রথম গানটি প্রকাশ করেছেন। 'তু মিল যায়ে' শিরোনামের এই গানটিতে শাহরুখ ও দীপিকা পাড়ুকোন আবারও একসঙ্গে এসেছেন। গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও র্যাপ করেছেন এড শিরান।
