১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরুখের ‘কিং’ দেশের প্রেক্ষাগৃহে চলবে? আবেদন তথ্য মন্ত্রণালয়ে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তির পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র মিললে দেশের প্রেক্ষাগৃহে ‘কিং’ প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:21 PM

Updated : 12 Nov 2026, 10:21 PM

বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা ‘কিং’ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা বা সাফটা চুক্তির আওতায় ঢাকার সিনেমা ‘জংলি’ রপ্তানির বিপরীতে ‘কিং’ আমদানির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশক সংস্থা ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ এর পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়েছে বলে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন।

তিনি গ্লিটজকে বলেন, “আমদানি নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনটি জমা দেওয়া হয়েছে। এখন বিষয়টি মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। আশা করা যায় বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।”

সাফটা চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে সিনেমা রপ্তানির বিপরীতে সমপরিমাণ বিদেশি সিনেমা আমদানির সুযোগ রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ রপ্তানি করে ‘কিং’ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি সংক্রান্ত কমিটির অনাপত্তিপত্র (এনওসি) পেলে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। বোর্ডের ছাড়পত্র মিললেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার মোবাইল নম্বরে কল দিলে তিনি ধরেননি।

এর আগেও সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে চাঙ্গা করে তোলেন শাহরুখ; একই বছর তার ‘ডানকি’ সিনেমা প্রশংসা কুড়ায়। এরপর থেকে শাহরুখ ফের বড় পর্দায় অনুপস্থিত। ‘কিং’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে আসে ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গান। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

এ সিনেমায় মেয়ে সুহানা খানকে দেখা যাবে শাহরুখের সঙ্গে। গুরু-শিষ্যের চরিত্রে অভিনয় করেছেন বাবা-মেয়ে। সিনেমায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।

অপরদিকে বাংলাদেশের সিনেমা ‘জংলি’ মুক্তি পায় গত বছর রোজার ঈদে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে জনি নামের এক তরুণকে ঘিরে, যে চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

সিনেমায় সিয়াম ছাড়াও অভিনয় করেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান ও এরফান মৃধা শিবলু।

পুরনো খবর:

‘কিং’: ফের গেরুয়া রং নিয়ে বিতর্কে শাহরুখ-দীপিকা, বিজেপি নেতার হুমকি