০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মুক্তির আগেই ১০০ কোটির গণ্ডি পার করল শাহরুখের 'কিং'

‘কিং’ সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 10:07 PM

Updated : 01 Nov 2026, 10:07 PM

কোভিড মহামারী পরবর্তী অধ্যায়ে ২০২৩ সালে একা হাতে ধুঁকতে থাকা হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে বক্স অফিসে চাঙ্গা করেছিলেন শাহরুখ খান। সে সময় তার ‘দুর্দান্ত কামব্যাকের কাছে’ পিছু হঠতে বাধ্য হয়েছিল দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিও। এরপর কেটে গিয়েছে বছর তিনেক।

তিন বছর আগে ‘পাঠান’, ‘জওয়ান, ‘ডানকি’ দিয়ে শেষবার পর্দায় আসা শাহরুখ ফিরছেন। মুক্তি পেতে চলা অভিনেতার ‘কিং’ সিনেমা বিদেশি স্বত্ব বিক্রির চুক্তিতে ইতিহাস গড়েছে।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়ে, এই সিনেমার আন্তর্জাতিক ‘থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস’ বিক্রি হয়েছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে। এর মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথমবার কোনো সিনেমা বিদেশি স্বত্বের দাম ১০০ কোটির গণ্ডি টপকে গেল।

বহু প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক পরিবশেক ‘ফারস ফিল্মস’। শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে ১৭৫ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব কিনেছে সংস্থাটি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালতি ‘কিং’ মুক্তি পাবে বছর শেষে ২৪ ডিসেম্বর। এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার।

তাতে দেখা গেছে হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন শাহরুখ। সঙ্গে ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’

সিনেমার অন্যতম চমক শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন মেয়ে সুহানা খান; এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দাতেও অভিষেক হচ্ছে সুহানার।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।

এই সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা, কলকাতার খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।

পুরনো খবর:

‘খুনি নই, আমি প্রেমিক’, বললেন শাহরুখ

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক কী?