Published : 11 Jul 2026, 04:34 PM
‘কিং’ সিনেমা দিয়ে বছর শেষে বলিউডের শাহরুখ খান পর্দায় ফিরছেন তিন বছর পর। শুটিং চলছে জোরকদমে। মেয়ে সুহানা খানকে সঙ্গী করে দেড়শ দিন শুটিং করছেন শাহরুখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অগাস্টেই শেষ হচ্ছে শুটিং। এর পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট সাড়ে চারশো কোটি টাকা।
এটি শাহরুখের ক্যারিয়ারেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এর আগে 'জওয়ান' ৪০০ কোটি রুপিতে তৈরি হয়েছিল। আর 'পাঠান' সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি টাকা।
এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় মেয়ে সুহানা খানে অভিষেক ঘটাতে চলেছেন শাহরুখ। এটাই এই সিনেমার মূল চমক বলে সিনেমা বিশ্লেষকদের মন্তব্য। তাই কোনো খামতি রাখতে চান না শাখরুখ।

'কিং' সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করেছেন আন্তর্জাতিক স্টান্টদলের সদস্যরা। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য নাকি আগে দেখা যায়নি। এ ছাড়াও ছবির ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্সের উপরো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই কাজের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ় এন্টারটেনমেন্ট'।
‘কিং’ অ্যাকশনে ভরপুর, যে সিনেমার চিত্রনাট্য লিখেছেন চারজন। তাদের মধ্যে একজন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ।
শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষপর্যন্ত তার চেয়ে অনেক বড় মাপের কাজ হতে চলেছে।
তবে প্রচারের খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই সাড়ে চারশো কোটি টাকার মধ্যে ধরা নেই।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।
এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল।
এই সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা, কলকাতার খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।
‘কিং’ মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর।