০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

‘কিং’: ফের গেরুয়া রং নিয়ে বিতর্কে শাহরুখ-দীপিকা, বিজেপি নেতার হুমকি

“দীপিকা তো শুধুই একটা ঘুঁটি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 11:19 AM

Updated : 08 Nov 2026, 11:19 AM

তিন বছর পর ফের ‘গেরুয়া রং’ নিয়ে বিপাকে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’। সিনেমার ‘তু মিল জায়ে’ গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের পোশাকে দেখা গিয়েছে নায়িকাা দীপিকা পাড়ুকোনকে। আর তা নিয়েই আপত্তি তুলেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী।

নিউজ এইট্টিন বলছে, সিনেমার ওই দৃশ্য বাদ না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাশপাশি এ রংয়ের পোশাক পরে নাচ-গান করায় শাহরুখের ‘দেশাত্মবোধ’ নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক।

তিন বছর আগে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় দীপিকার গেরুয়া রংয়ের বিকিনি পরা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্র নেগী।

এক সাক্ষাৎকারে শাহরুখের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটাই তাদের স্বভাব। কারণ এটা শাহরুখ খানের সিনেমা। শাহরুখরা যে দেশে বসে টাকা উপার্জন করেন। সে দেশকেই আবার অপমান করেন। গেরুয়া রং দেখলেই তাদের সমস্যা হয়।”

দীপিকাকে এই বিতর্কে খেলার ঘুঁটি বলেও দাবি করেছেন তিনি। নেগীর কথায়, “দীপিকা তো শুধুই একটা ঘুঁটি।”

এখানেই থামেননি বিজেপি বিধায়ক। তার অভিযোগ, সনাতন ধর্মের বিশ্বাসকে অসম্মান করা হচ্ছে। তিনি বলেন, “আমরা যে সনাতন ধর্মে বিশ্বাস করি, সেখানে এই ধরনের পোশাক পরে এভাবে নাচগান করা হয় না।”

তিন বছর আগে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান নিয়েও দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে নেগী বলেন, “তিন বছর আগেও একই ঘটনা ঘটেছিল। দীপিকা গেরুয়া রংয়ের বিকিনি পরেছিলেন। সে বার হিন্দু সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছিল। এ বারও প্রতিবাদ হবে।”

শাহরুখকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে নেগী জানিয়েছেন, সিনেমার ওই দৃশ্য বাদ না দিলে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে অভিনেতাকে।

তার কথায়, “আমরা শাহরুখ খানকে সতর্ক করছি। এই দৃশ্য পরিবর্তন না করলে সারা দেশে প্রতিবাদ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনও কিছুই মেনে নেওয়া হবে না।”

তবে দীপিকার গেরুয়া পোশাক নিয়ে আর কেউ আপত্তি জানাননি। গানের দৃশ্যে গেরুয়া রংয়ের একটি গাউন পরেছেন অভিনেত্রী। বরং সেই রংয়ে নায়িকাকে ‘বেশ ভালো লাগছে’ বলে মন্তব্য করেছেন অনুরাগীরা।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে চাঙ্গা করে তোলেন শাহরুখ; ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় অ্যাকশন করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন রোমান্সের পাশাপাশি অ্যাকশনেও সিদ্ধহস্ত তিনি।একই বছর তার ‘ডানকি’ সিনেমা ‘হিট না হলেও’ সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এরপর থেকে শাহরুখ ফের বড় পর্দায় অনুপস্থিত। তবে সেই অনুপস্থিতি মানে কাজে বিরতি নয়। চলতি বছরের শেষে আসছে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে অভিনেতার নতুন সিনেমা ‘কিং’।

গেল ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানটি।

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।

এই সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা, কলকাতার খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।