২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ জনের বক্তব্য, ভিডিও যাচাই; এক মাসেও তাহসিফের মৃত্যুরহস্য কাটেনি

রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস বার্তায় তাহসিফ বলেছিলেন, ‘আসতেছি, রওনা দিছি’। এরপর কী ঘটেছিল, এক মাসেও সেই জট খুলতে পারেনি পুলিশ।

৪০ জনের বক্তব্য, ভিডিও যাচাই; এক মাসেও তাহসিফের মৃত্যুরহস্য কাটেনি

বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:46 AM

Updated : 29 Nov 2026, 01:46 AM

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের এক মাস পরও তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এ তিন সম্ভাবনা সামনে রেখেই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ।

এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া, একাধিক স্থানের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ এবং বিভিন্ন আলামত যাচাই করা হলেও এখনো কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিশ্চিত হওয়ার মতো কিছু না পাওয়ার কথা বলেছেন তারা।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ মনে করছে পুলিশ। তবে এখনো সেটি পাওয়া যায়নি।

ময়নাতদন্তের ফল পেতে কতটা সময় লাগতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলেছেন না কেউ।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, মৃত্যুর আগে তাহসিফের চলাফেরার ধারাবাহিকতা বিশ্লেষণ করা হচ্ছে। বাসা থেকে বেরিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকা পর্যন্ত তার চলাচল এবং মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান বিশ্লেষণ করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “তদন্ত চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় যেসব বিষয় আসবে সেসব নিয়ে কিছু বলার সুযোগ নাই। এখনো আমাদের বলার মতো- কংক্রিট কিছু নাই।”

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির লাশ গত ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

Image

বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি ও তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছিল। তার পরিচয় জানাজানি হওয়ার পর বেশ কয়েকদিন এ মৃত্যুকে ঘিরে তৈরি হয় আলোচনা।

এর আগের দিন সন্ধ্যায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের ডাকে’ বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তে নেমে তাহসিফ নিখোঁজ হওয়ার রাতে উত্তরার একটি বারে তার সঙ্গে জেরিকা তাসনিম দিশাকে দেখতে পাওয়ার সিসিটিভি ভিডিও দেখতে পায় পুলিশ। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। দুজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা।

পুলিশের জিজ্ঞাসাবাদে ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত টঙ্গীর মাজার বস্তি এলাকায় সেদিন মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকার করেন দীপ।

তবে কী ঘটেছিল তাহসিফের সঙ্গে তেমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য পাননি তদন্তকারী কর্মকর্তারা। বর্তমানে রিমান্ড শেষে দুজনই কারাগারে রয়েছেন।

Image

টঙ্গীর মাজার বস্তি এলাকায় তদন্তে পুলিশ।

আগের রাতের শেষ মুহূর্তের ঘটনাপ্রবাহ এখনো স্পষ্ট নয়

গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসা থেকে দীপের সঙ্গে বের হন তাহসিফ।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, পরে তারা উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে তাহসিফের পূর্বপরিচিত এক তরুণীও তাদের সঙ্গে যোগ দেন।

দীপকে জিজ্ঞাসাবাদের বরাতে এক কর্মকর্তা বলেন, বারে ওই তরুণীর সঙ্গে তাহসিফের মনোমালিন্য হয়। সেখান থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে তার বাসার সামনে নামিয়ে দেন। পরে দীপকে নিয়ে টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় যান তিনি।

দীপের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ বলছে, সেখানে পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তারা দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএর একটি পিলারের কাছে লুকিয়েছিলেন।

তার দাবি, পরে ওই দুই ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করেন। বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফের সঙ্গে এসেছেন জানালে পুলিশ তাকে দ্রুত ওই এলাকা থেকে চলে যেতে বলে।

এরপর তাহসিফের সঙ্গে আর দেখা হয়নি বলে দাবি করেন দীপ।

তবে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মাকে একটি ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি’।

Image

বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি।

এর চার মিনিট পর রাত ১টা ৩৯ মিনিটে দীপ তাদের মোহাম্মদপুরের বাসার দারোয়ানকে ফোন করে জানান, ফিরতে তার দেরি হবে। পরে রাত আড়াইটার দিকে দীপ বাসায় ফেরেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

এই সময়ের মধ্যে তাহসিফ কোথায় ছিলেন, কীভাবে তার মৃত্যু হল এবং তার মরদেহ নদীতে গেল কীভাবে–এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

সিসিটিভি ও সাক্ষ্যে কী মিলল

তাহসিফের চলাচলের ধারাবাহিকতা যাচাই করতে তার উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং টঙ্গীর মাজার রোড বস্তি এলাকাকে তদন্তের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছে নৌ পুলিশ।

এসব স্থানের সিসিটিভি ভিডিও সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন তদন্তকারীরা।

Image

আদালতে আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। মাজার রোডের বস্তি এলাকার বাসিন্দা, হোটেল ও বারের কর্মী, পুলিশসহ যারা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছে তদন্ত দল।

তাদের দেওয়া তথ্যের সঙ্গে ভিডিও ফুটেজ, ফোনের তথ্য এবং অন্যান্য আলামত মিলিয়ে দেখা হচ্ছে।

তদন্তের সঙ্গে যুক্ত আরেক কর্মকর্তার ভাষ্য, শুধু একটি বক্তব্য বা আলামতের ওপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তাহসিফের মৃত্যুর রাতে টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল দায়িত্বে ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওই রাতে এলাকায় পুলিশের চলাচল, টহল দলের সদস্যদের অবস্থান এবং দীপের বক্তব্য যাচাইয়ের অংশ হিসেবে ওই দলের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন তদন্তকারীরা।

দীপের বক্তব্যে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তির উপস্থিতির কথা আসার পর টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান নিশ্চিত করেছিলেন, ঘটনার রাতে তার থানার একটি টহল দল ওই বস্তি এলাকায় ছিল।

দীপের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “আমি নিজেও এখন তদন্তের অংশ। তদন্তকারী কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে তারাই বলতে পারবে।”

দীপের বক্তব্যের সঙ্গে পুলিশের বক্তব্যের মিল রয়েছে কি না জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, “বিষয়টা তদন্তাধীন আছে। আমরা অনেকের সঙ্গেই কথাবার্তা বলছি।”

মাকে পাঠানো ভয়েস বার্তার সময় তাহসিফের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সময় তার লোকেশন কোথায় ছিল সেটিও আমরা বিশ্লেষণ করছি।”

এখনো বলার মতো কিছু পাওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেন, “তদন্তে বলার মতো এখনো কিছু নেই। তদন্ত শেষ হওয়ার পর আমরা বিস্তারিত জানাব।”

ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা

তাহসিফের মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ মনে করছে পুলিশ। তবে এখনো সেটি পাওয়া যায়নি।

লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সেখানে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তুলে ধরা হয়।

পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত হয়। ফরেনসিক পরীক্ষার জন্য পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানোর কথা জানিয়েছেন চিকিৎসক।

ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন বলেন, “পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।”

তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার আগে ও পরের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে দেখবেন তারা।

দুজন কারাগারে, কী বলছেন বাবা

তাহসিফের মরদেহ উদ্ধারের দুদিন পর ৩০ অক্টোবর রাতে তার বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।

এর আগে পিবিআই ছায়া তদন্ত করে দীপকে হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে দীপ ও দিশাকে গ্রেপ্তার দেখায় নৌ পুলিশ। এরপর দীপকে তিন দফা রিমান্ড শেষে ৮ নভেম্বর এবং দিশাকে দুই দফা রিমান্ড শেষে ৬ নভেম্বর কারাগারে পাঠায় আদালত।

তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিমের ধারণা, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারাগারে থাকা দীপ ও দিশা এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

এনায়েতুল করিম বলেন, “আমিতো মনে করি সরকার বিষয়টাকে আন্তরিকভাবে দেখতেছে। রিপোর্ট হলে বোঝা যাবে বিষয়টা কী।”

তদন্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানিয়ে তিনি বলেন, “আমার সাথে তদন্ত কর্মকর্তা মাঝেমধ্যে যোগাযোগ করেন, তিনি অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টা দেখছেন। তবে তদন্তের বিষয়ে আমাদের এখনো কিছুই বলে নাই। তদন্ত শেষ হয় নাই, এজন্য কিছু বলে নাই।”

তদন্ত কর্মকর্তারা একাধিকবার তার বাসায় গিয়ে কথা বলে বিভিন্ন তথ্য যাচাই করেছেন বলেও জানান তিনি।

পুরনো খবর:

তাহসিফের ‘ভিডিওর’ কারণে অনেকে হত্যা থেকে বেঁচে যায়: আদালতকে রাষ্ট্রপক্ষ
তাহসিফের মৃত্যুর রহস্য বের করতে মাঠে বিভিন্ন সংস্থা
‘পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন’ তাহসিফ, ধারণা পিবিআইয়ের
তাহসিফ সঙ্গে ছিলেন মধ্যরাত পর্যন্ত, আলাদা হন হাউজবিল্ডিং থেকে, দাবি দীপের
মধ্যরাতে তাহসিফের ভয়েস মেসেজ ‘দ্রুতই আসতেছি’: তাহসিফ সাউরির বাবা
তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
‘বন্ধুস্থানীয় ছোটভাইয়ের’ ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ
‘তাহসিফকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে’, দাবি বাবার
আইডিআরএতে হামলা, মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ চেয়ারম্যানসহ কর্মকর্তারা
তুরাগে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ