মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
বালতি রাখা নিয়ে বিবাদের জেরে এ ঘটনা ঘটে বলে হাসপাতালে আসা এক প্রতিবেশী দাবি করেছেন।
ঢাকার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
বালতি রাখা ও কাপড় ধোয়া নিয়ে বিবাদের জেরে এ হতাহতের ঘটনা ঘটে বলে হাসপাতালে আসা এক প্রতিবেশী দাবি করেছেন।
নিহত যুবকের নাম করিম (৩৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চন্দনা গ্রামের মাইনুল রহমানের ছেলে। তিনি মিরপুর-৬ নম্বরের ৮ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় (আদর্শ স্কুলের পেছনে) ভাড়া থাকতেন। করিম পেশায় একজন বুটিকস কর্মচারী ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সাকিব নিজেকে প্রতিবেশী হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি তখন বাসার আশপাশেই খেলাধুলা করছিলাম। হঠাৎ রাত সাড়ে ৮টার দিকে করিম ও আরিফের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, বালতি রাখা এবং কাপড় ধোয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে।
“আমি কিছু বুঝে ওঠার আগেই আরিফ হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র বের করে সরাসরি করিমের পিঠের বাম পাশে সজোরে আঘাত করে পালিয়ে যায়।”
নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে সাকিব বলেন, “পুরো ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। ছুরির আঘাতটা এতটাই আকস্মিক ছিল যে, আর একটু হলে আমার গায়েও লাগতে পারত।
“চোখের সামনে রক্তাক্ত অবস্থায় করিমকে লুটিয়ে পড়তে দেখে আমি দিশেহারা হয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু রাত সোয়া ১০টার দিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য দিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
