ছাত্রদলের অবরুদ্ধের পর রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত
রাতে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক।
স্বাধীনতার ঘোষণা ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্য বিকৃতি এবং শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ না বলাসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শাখা ছাত্রদল।
পরে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে সংগঠনটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষক ফোরাম।
শনিবার রাতে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক।
এদিন সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ছাত্রদলের অভিযোগ, সেই আলোচনা সভায় শিক্ষক ফোরাম প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দটি ব্যবহার করা হয়নি, ২০০৬ সালের লগি-বৈঠা আন্দোলনের তাণ্ডবকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টিকেও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রদল আলোচনা সভা বর্জন করে। সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে গেলে ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের বহিষ্কার ও শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে স্লোগান দেন তারা।
একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ২৬ মার্চের প্রেক্ষাপট কৌশলে আড়াল করা হয়েছে। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবে তারা অভিযোগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।”
তিনি বলেন, “যারা লেখার সঙ্গে জড়িত, তাদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সংগঠন থেকে আজীবন বহিষ্কার করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন- এমন শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। ততদিন পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান বলেন, “আমাদের মূল স্ক্রিপ্টে যে তথ্যগুলো ছিল, সেগুলো প্রকাশের আগে কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে চূড়ান্ত প্রকাশনার সময় কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে।”
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, “আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি বলেন, “আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।”
