মতিঝিলে চলন্ত বাসে ও মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
রাজধানীর মতিঝিলে চলন্ত বাসে এবং মিরপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলে দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দেওয়ার ঘটনার তথ্য দেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
কাছাকাছি সময়ে ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ এলাকার টিনসেড বিল্ডিংয়ের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১২টার দিকে আগুন নেভায় তারা।
ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, টিনসেড বিল্ডিংয়ের বিপরীত পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভাষানটেকে আগুনে পোড়া কিশোরগঞ্জগামী বাসটি চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের।
