২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে আরও কার্যকর করতে ইরাকের সীমান্ত বন্ধের উদ্যোগে সমর্থন যোগাচ্ছে ওয়াশিংটন।

ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:46 AM

Updated : 29 Nov 2026, 12:46 AM

প্রতিবেশী ইরাককে সীমান্ত সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। পাশাপাশি তেহরানের শত্রু ‘ট্রাম্পের হাতিয়ার’ হওয়া থেকে বিরত থাকার জন্য বাগদাদকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোখবের বলেন, “ইরান তার সর্বশক্তি দিয়ে ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছে।”

আরব নিউজ জানিয়েছে, তেল চোরাচালান দমনে বাগদাদ কিছু সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর মোখবের এ আহ্বান জানালেন।

ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং কুর্দি অঞ্চলের তেল সরবরাহের গতিপথ পুনর্নির্ধারণে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির নেওয়া উদ্যোগকে শুক্রবার সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রী জাইদি গত সপ্তাহে ইরান সীমান্তের একটি ক্রসিংসহ আধা-স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তান প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত চৌকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখবের বলেন, ইরাকের উচিত ‘সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোতে সজাগ থাকা’, যাতে দেশটি ‘অপরাধী ট্রাম্পের নীতি বাস্তবায়নের’ কোনো হাতিয়ারে পরিণত না হয়।

ইরাকের স্থলসীমান্ত ও তেল চোরাচালান নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক অবরোধের মধ্যে থাকা তেহরানের জন্য একটি বড় ‘কৌশলগত ও অর্থনৈতিক ধাক্কা’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তাদের মতে, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে আরও কার্যকর করতে জাইদির উদ্যোগে সমর্থন যোগাচ্ছে ওয়াশিংটন। মিডল ইস্ট কাউন্সিলের গবেষক মুহান্নাদ সেলুমের ভাষায়, অবরোধের মুখে থাকা ইরানের জন্য ইরাক হলো নিষেধাজ্ঞা এড়ানোর অন্যতম প্রধান মাধ্যম এবং ট্রাম্পের অবরোধ কৌশলে ‘স্থলভাগের ফাঁক’। ফলে ইরাকের স্থল সীমান্তগুলো বন্ধ হয়ে গেলে আরও চাপে পড়বে তেহরান।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনা ইরাকেও নতুন ফ্রন্ট খুলে দিতে পারে।

আল অ্যারাবিয়া জানিয়েছে, ইরাক তার সব বন্দরে শুল্ক হার কমিয়ে ৫ শতাংশে একীভূত করার পদক্ষেপ নেওয়ার সময়টিতে মোখবের এ মন্তব্য করলেন।

পুরনো খবর:

ইরাকের চোরাচালানবিরোধী অভিযানে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?