২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের চোরাচালানবিরোধী অভিযানে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?

বাগদাদ ইরাকে ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র মিত্র ‘কাতাইব হিজবুল্লাহ’র মুখোমুখি দাঁড়ানোর প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই অবস্থান সামনে এলো।

ইরাকের চোরাচালানবিরোধী অভিযানে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 09:10 PM

Updated : 28 Nov 2026, 09:12 PM

ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির তেল চোরাচালানবিরোধী অভিযানে জোরালো সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নিতে বাগদাদের পদক্ষেপ এবং ইরাকে ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র মিত্র ‘কাতাইব হিজবুল্লাহ’র মুখোমুখি দাঁড়ানোর প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই অবস্থান সামনে এলো।

আল জাজিরার এক বিশ্লেষণে ট্রাম্পের এই সমর্থনের পেছনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সমগ্র ইরাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় আল-জায়েদিকে পূর্ণ সমর্থন জানান।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “পুরো ইরাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইরাকি তেলের চোরাচালান বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সব ধরনের অস্ত্রকে রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।”

বাগদাদ সরকার ও কুর্দিদের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে এটিই ওয়াশিংটনের প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। আগামী ১ ডিসেম্বর বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (এরবিল) মধ্যে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্পের এই মন্তব্যকে কুর্দি নেতাদের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাংবিধানিক আইন বিশেষজ্ঞ সালিম জাখোরের মতে, এর মাধ্যমে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে যে বাগদাদের নেওয়া পদক্ষেপগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে।

যেভাবে শুরু হলো বাগদাদের অভিযান

ইরাকের এই চোরাচালানবিরোধী অভিযান শুরু হয় বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহর থেকে। ২০১৪ সালে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে শহরটি দখল নেওয়ার পর থেকে থেকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল।

অভিযোগ রয়েছে, গোষ্ঠীটি সেখান থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন শত শত কোটি ডলারের অপরিশোধিত তেল পাচার করেছে। এ ঘটনায় নয়জন ঊর্ধ্বতন নিরাপত্তা ও তেল কর্মকর্তাকে বরখাস্ত করে বিচারের আওতায় আনা হয়েছে। যদিও কাতাইব হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীতে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির সরাসরি হস্তক্ষেপে গোষ্ঠীটি শহর ছাড়তে এবং সেখানে যৌথ সরকারি বাহিনী মোতায়েনে সম্মত হয়।

তবে শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো প্রশ্ন তুলছিল যে বাগদাদ কেন কুর্দিদের বাদ দিয়ে কেবল তাদেরই লক্ষ্যবস্তু করছে। আল জাজিরা সেন্টার ফর স্টাডিজের গবেষক লিকা মাক্কির মতে, ‘আমি সবার ক্ষেত্রেই কঠোর’, তা দেখাতে এবং কুর্দি অঞ্চলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন (এরবিল ও সুলাইমানিয়াহ) কাজে লাগাতেই আল-জায়েদি এরপর কুর্দি অঞ্চলের দিকে নজর দেন।

ইরাকি সরকারের দাবি, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে কুর্দি অঞ্চল দিয়ে তেল পাচারের ফলে দেশটির প্রায় ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে বাগদাদ কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার আদেশ দেয় এবং সর্বোচ্চ আদালতের রায়ের পর ইরান ও সিরিয়া সীমান্তের দুটি ক্রসিং বন্ধ করে দেয়। কুর্দি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করলেও আলোচনার দরজা খোলা রেখেছেন।

ইরানের অর্থনীতিতে ইরাকের গুরুত্ব ও চোরাচালানের কৌশল

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সমর্থনের মূল কারণ ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে আরও কার্যকর করা। মিডল ইস্ট কাউন্সিলের গবেষক মুহান্নাদ সেলুমের ভাষায়, অবরোধের মুখে থাকা ইরানের জন্য ইরাক হলো প্রধান স্থলপথ এবং নিষেধাজ্ঞা এড়ানোর অন্যতম মাধ্যম। ২০২৪ সালে ইরাক প্রায় ১১৯০ কোটি ডলারের ইরানি পণ্য আমদানি করেছে, যা ইরানের তেল বহির্ভূত রপ্তানির এক পঞ্চমাংশ। এছাড়া ইরানি গ্যাসে ইরাকের ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় এবং ইরাকি ব্যাংকগুলো তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে।

ইরাকি গোয়েন্দা নথি ও মার্কিন ট্রেজারির তথ্য অনুযায়ী, কিরকুক ও সুলাইমানিয়াহ থেকে ট্যাঙ্কার ট্রাকে করে তেল ইরানে পাঠানো হয় এবং ইরানি তেলের সাথে ইরাকি তেল মিশিয়ে বা জাল কাগজপত্র তৈরি করে তা বৈধ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়। ২০২৪ সালের শেষের দিকে রয়টার্সের এক অনুসন্ধানে দেখা যায়, এই চোরাচালান নেটওয়ার্ক ইরান ও তার মিত্রদের জন্য বছরে অন্তত ১০০ কোটি ডলার আয় করে দিচ্ছিল।

ট্রাম্পের কৌশলগত স্বার্থ ও নীতির পরিবর্তন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে তেহরানকে চাপে রাখতে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। সেলুমের মতে, ট্রাম্পের অবরোধ কৌশলে ইরাক হলো ‘স্থলভাগের ফাঁক’। কোনো মার্কিন সৈন্য না পাঠিয়েই ইরাকের এই অভিযানের মাধ্যমে সেই ফাঁক বন্ধ করা, ইরানের অর্থনীতি সংকুচিত করা এবং ইরানপন্থী মিলিশিয়াদের অর্থায়ন বন্ধ করার সুযোগ দেখছে ওয়াশিংটন। উল্লেখ্য, ইরাকের তেল বিক্রির রাজস্ব নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকায় বাগদাদের ওপর ওয়াশিংটনের ব্যাপক চাপ সৃষ্টির সুযোগ রয়েছে।

পাশাপাশি, কুর্দি স্বায়ত্তশাসনের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। গবেষক সালিম জাখোর জানান, ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাকের নেতৃত্বে ওয়াশিংটন এখন ইরাকে আরও কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের পক্ষপাতী; যাতে মার্কিন কোম্পানিগুলো তেল ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি একটি একক কর্তৃপক্ষের সাথে করতে পারে এবং ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি না হয়।

নতুন সংঘাতের আশঙ্কা

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ইরাকেও নতুন ফ্রন্ট খুলে দিতে পারে। গত ৩০ সেপ্টেম্বর থেকে ইরাকে কোনো মার্কিন সেনা উপস্থিত না থাকায় স্থলযুদ্ধের সম্ভাবনা কম থাকলেও, ইরাকের মাটি থেকে ইরানপন্থী মিলিশিয়াদের গোলাবর্ষণ এবং জবাবে মিলিশিয়া নেতাদের ওপর মার্কিন বিমান হামলার আশঙ্কা রয়েছে।

যদিও বাগদাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য তারা ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। সব মিলিয়ে, বাগদাদ ও এরবিলের মধ্যকার এই বিরোধ শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পুরনো খবর:

কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর