যুদ্ধ থামাতে এবার ইরানের শীর্ষ নেতাদের হামলার নিশানা করার ভাবনা যুক্তরাষ্ট্রের
তবে ইরান যুদ্ধের ইতি টানতে এই পন্থা নিয়ে হোয়াইট হাউজ ও পেন্টাগনের ভেতরে চলছে বিতর্ক। বিরোধীদের আশঙ্কা, এতে মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার ঝুঁকি বহুগুণ বাড়বে।
দীর্ঘ নয় মাসের ইরান যুদ্ধ বন্ধ করতে এবার এক চরম পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নেতাদেরকে সরিয়ে দিতে তাদেরকে হামলার নিশানা করা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানানো হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত একজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে, এ ধরনের অভিযান চালানো হলে ওয়াশিংটন যে কোনও সময় ইরানি নেতাদের অবস্থান শনাক্ত করা ও হত্যা করতে সক্ষম, তা প্রমাণ করা যাবে; আর এটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শেষ করার একটি সম্মানজনক পথ তৈরি করে দেবে।
দুই সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, ইরানি নেতাদের নিশানা করার এই বিকল্প পন্থা দীর্ঘদিন ধরেই প্রশাসনের বিবেচনাধীন ছিল। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ পরবর্তী ধাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করায় সম্প্রতিক কয়েক সপ্তাহে বিষয়টি নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।
তবে প্রশাসন ও সেনাবাহিনীর ভেতরে যারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন, তারা সতর্ক করে বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো হলে বেঁচে থাকা অন্য নেতারা আরও বেশি জেদি ও কঠোর হয়ে উঠতে পারেন।
তাছাড়া, ভবিষ্যতে কোনও শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ওপর আর কারও বিশ্বাস থাকবে না এবং মার্কিন সেনা ও কর্মকর্তারা ইরানের ভয়াবহ পাল্টা হামলার ঝুঁকিতে পড়বেন।
ওয়াশিংটনে এই আলোচনা এমন এক সময়ে চলছে, যখন খবর বেরিয়েছে যে, ইরান তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ তৈরি করছে এবং মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাতে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য ষড়যন্ত্র করছে ইরান।
ইরানের দিক থেকে এমন হুমকির কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে; এর মাধ্যমে তিনি মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যের কাতারে সামিল হয়েছেন, যারা আগেই নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে চলে গেছেন।
গত ২০ নভেম্বর হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, “ইরানে কী ঘটছে সে সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তারা কী বলে, তার সবই আমরা জানি। তারা কারা এবং কোথায় আছে, তাও আমরা জানি। আমরা বিষয়টি খুঁজে বের করব। আমরা তা (রাসায়নিক হামলা) হতে দেব না।’”
ট্রাম্প ‘বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করছেন’ এবং এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন তার সামনে সামরিক বিকল্পের তালিকা আরও বাড়ানোর প্রেক্ষাপটে তিনি গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, বড় কোনও পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নতুন বছর (জানুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
ইরানের বেঁচে থাকা শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন।
ইরানের সামরিক ও জাতীয় নিরাপত্তা কাঠামোর অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ভাহিদি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আব্দুল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং মোহসেন রেজাই—যিনি আইআরজিসি-এর সাবেক প্রধান কমান্ডার এবং ২০২৬ সালের অগাস্টে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বলে খবর রয়েছে।
তবে যে অভিযান নিয়ে আলোচনা চলছে সেই অভিযানের সুনির্দিষ্ট নিশানা হিসেবে এই কর্মকর্তাদের কারও নামই উল্লেখ করেনি এনবিসি নিউজ।
ইরানের আয়াতুল্লাহ আলি খামেনি যে হামলায় নিহত হয়েছিলেন, তাতে তার ছেলে মুজতাবা খামেনিও আহত হয়েছিলেন বলে খবর রয়েছে। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
তবে আড়ালে থাকলেও ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর পুনরায় বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুজতাবার নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “শত্রুরা যদি আবারও কোনও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে কখন এবং কী শর্তে সেই যুদ্ধ বা হামলা শেষ হবে—তা ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে।”
