২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোথাও আপসে যান নাই, অনুকম্পা চান নাই’: খালিদীর স্মরণে মোজাম্মেল হোসেন

"তৌফিক সাংবাদিকতাটা বুঝত। এর পেশাগত দিক, বস্তুনিষ্ঠতা, এটার অঙ্গীকার, এটার দায়িত্ববোধ, এসব জিনিস সে বুঝত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:56 PM

Updated : 26 Nov 2026, 08:56 PM

একসময় মুদ্রিত সংবাদপত্রে কাজ করতে এসে যিনি তার কাছ থেকে শিখতে চেয়েছিলেন, পেশাগত জীবনের নানা অভিজ্ঞতায় সেই তৌফিক ইমরোজ খালিদীকেই এখন নিজের শিক্ষক মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু।

সাংবাদিকতার প্রতি অঙ্গীকার, বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও পেশাগত নীতিতে অটল থাকার যে দৃষ্টান্ত তৌফিক ইমরোজ খালিদী রেখে গেছেন, তা থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের শেখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় এসব কথা বলেন মোজাম্মেল হোসেন।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজন শুরু হয় বিকাল সাড়ে ৪টায়।

এতে যোগ দিয়েছেন সরকার ও রাজনৈতিক দলের নীতিনির্ধারকসহ সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন অঙ্গনের মানুষ।

তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠার স্মৃতি তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, তিনি যখন প্রথম আলোর বার্তা বিভাগের দায়িত্বে ছিলেন, তখন তৌফিক ইমরোজ খালিদী মুদ্রিত সংবাদপত্রে সাংবাদিকতা শুরু করেন।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং পরে বিবিসিতে পাঁচ বছর তৌফিক ইমরোজ খালিদীর কাজ করার কথাও স্মরণ করেন তিনি।

মুদ্রিত সংবাদপত্র, সম্প্রচারমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদীর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।

“পরবর্তীকালে সবসময়ই তার অফিসে, তার বাসায়, নানা অনুষ্ঠানে আমাকে বাদ দিতে চাইত না।”

তৌফিক ইমরোজ খালিদীর অকালমৃত্যুতে সাংবাদিকতা পেশায় বড় একটি অভাব তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এই অকালমৃত্যু আমাদের পেশার ক্ষেত্রে একটা বড় অভাব তৈরি করে গেল। তখন দেখছি যে সে আমার শিক্ষক।

"তৌফিক সাংবাদিকতাটা বুঝতো বলে আমি মনে করি। এটার পেশাগত দিক, এটার বস্তুনিষ্ঠতা, এটার অঙ্গীকার, এটার দায়িত্ববোধ, এই জিনিসগুলো সে বুঝত।”

সাংবাদিকতার এসব গুণই তৌফিক ইমরোজ খালিদী তার কাজের মধ্য দিয়ে রেখে গেছেন বলে মনে করেন মোজাম্মেল হোসেন। আগামী প্রজন্মের সাংবাদিকদেরও এসব গুণ ধারণ করার কথা বলেন তিনি।

তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতাবিষয়ক কয়েকটি লেখার কথা তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, দেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে পেশাগত নীতি ও অঙ্গীকারে অটল থাকার কারণে খালিদীকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উন্নয়নে ৫০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা এবং দীর্ঘ পাঁচ বছর ধরে সেই মামলা মোকাবিলার কথাও উঠে আসে তার স্মৃতিচারণায়।

মোজাম্মেল হোসেন বলেন, ওই সময় মাঝেমধ্যে তৌফিক ইমরোজ খালিদীর কাছে গিয়ে তার কথা শুনতেন তিনি। মামলার নিন্দা জানানো ও তাকে সমর্থন দেওয়া ছাড়া তাদের আর তেমন কিছু করার ছিল না।

দীর্ঘ পাঁচ বছর কষ্টের মধ্য দিয়ে তৌফিক ইমরোজ খালিদীকে আইনি লড়াই চালিয়ে যেতে হলেও পেশাগত অবস্থান থেকে তাকে সরে আসতে দেখেননি মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, “কোথাও কোনো আপস করতে যান নাই, কোথাও কারো কাছে কোনো অনুকম্পা চান নাই।”

তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ওই মামলাকে হয়রানিমূলক অভিহিত করে মোজাম্মেল হোসেন বলেন, পাঁচ বছরেও দুদক মামলাটি প্রমাণ করতে পারেনি।

‘অনলি জার্নালিজম’ শিরোনামে তৌফিক ইমরোজ খালিদীর একটি লেখার কথাও স্মরণ করেন তিনি। শুধু সাংবাদিকতা করতে গিয়েও একজন সাংবাদিক কীভাবে আক্রমণের শিকার হতে পারেন, সেই অভিজ্ঞতা খালিদী তার লেখায় তুলে ধরেছিলেন বলে জানান তিনি।

মোজাম্মেল হোসেন বলেন, “যেসব চ্যালেঞ্জ, সংবাদমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা যে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেইখানে তার জীবনের এই শেষ দিকের এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব কাজে লাগে যে, আপনি শুধু সাংবাদিকতাই করবেন, কিছুই করবেন না, তাও আপনি আক্রান্ত হতে পারেন। এই চ্যালেঞ্জটাও সাংবাদিকদের নিতে হবে।”

তৌফিক ইমরোজ খালিদী যেভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে গেছেন, তা স্মরণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রবীণ এই সাংবাদিক।

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।