গাজীপুরে মৃত্যুর ২ বছর পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সাবেক দুই জনপ্রতিনিধি
১১১ আসামির তালিকায় তাদের নাম দেখে বিস্মিত স্বজনেরা। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মৃত্যুর প্রায় দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় আসামি হয়েছেন দুই সাবেক জনপ্রতিনিধি।
তাদের একজন পৌরসভার সাবেক কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মঙ্গলবার শ্রীপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন মামলাটি করেন। এতে মোট ১১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার ৯১ নম্বর আসামি মো. আলী আজগর শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়। পরিবারের দাবি, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
অন্যদিকে ১০৪ নম্বর আসামি মো. ইদ্রিস আলী ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বাড়ি বাঁশবাড়ি গ্রামে। পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃতদের নাম আসামির তালিকায় এসেছে, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
তবে ঘটনার প্রায় দুই বছর আগে মারা যাওয়া দুইজনের নাম আসামির তালিকায় থাকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তাদের স্বজনেরা।
আলী আজগরের মেয়ের জামাতা ফজলে রাব্বি বিজয় বলেন, “একজন মৃত মানুষকে কীভাবে মামলার আসামি করা হয়, তা বুঝে আসে না। একজন মৃত মানুষের কী বিচার হবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপই বা কী হবে, সেটাও বুঝতে পারছি না।”
ইদ্রিস আলীর ভাতিজা সৌরভ বলেন, তার চাচা প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপরও মামলার আসামির তালিকায় তার নাম দেখে তারা বিস্মিত হয়েছেন।
সৌরভ বলেন, “এ দেশে মৃত মানুষের নামেও মামলা হয়?”
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে। তদন্তে তা নিশ্চিত হলে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।
