২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনা টিভির সাবেক সিইও তসলিম কারাগারে

বুধবার রাতে পল্লবী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:47 PM

Updated : 26 Nov 2026, 08:47 PM

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই লিয়াকত হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বুধবার রাত আড়াইটার দিকে পল্লবী এলাকা থেকে তসলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান। তাদের হাতে লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশি অস্ত্রশস্ত্র ছিল।

এজাহারে বলা হয়, হামলাকারীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করেন। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইটপাটকেলের আঘাতে পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ এবং দুই লিটার পেট্রোলভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলা করে পুলিশ।

তসলিমকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত।

আবেদনে অভিযোগ করা হয়, তসলিম পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগান দিচ্ছেন। পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপসহ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমেও তিনি মদদ ও অর্থ দিয়ে সহায়তা করছেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, মামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদে তসলিম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে তার পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য প্রয়োজনে পরে তার রিমান্ড চাওয়া হবে।

কাফরুল ও মিরপুর এলাকার রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তছলিম দীর্ঘদিন মোহনা টেলিভিশনের শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন।