হত্যাচেষ্টার নতুন মামলা: সাবেক স্বামীসহ মমতাজকে গ্রেপ্তার দেখানো হল
“শুনানিতে মমতাজ বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি।”
জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় ওমর ফারুক শাকিল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা ১২ নভেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির দিন রাখেন সোমবার।
এদিন কারাগারে থাকা মমতাজ ও রমজানকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। রাষ্ট্রপক্ষে হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
প্রসিকিউটর হারুন অর রশীদ বলেন, “শুনানিতে মমতাজ বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। শিল্পী ছাড়া তার কোনো পেশা নেই। ন্যায় বিচার চেয়েছেন তিনি।'
মামলার বিবরণের বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ অগাস্ট বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় আন্দোলনে গিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন।
পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়।
পরে এ ঘটনায় তার বাবা মামলা দায়ের করেন।
গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেতে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন। পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
