হত্যাচেষ্টার মামলায় কারাগারে জ্যোতিকা জ্যোতি
তাকে বুধবার রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
জুলাই আন্দোলনের সময় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন এ তথ্য দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।
জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলার আসামিদের তালিকায় ২১৬ নম্বরে তার নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানিকালে জ্যোতিকা জ্যোতিকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় কয়েক দফা চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ছিলেন। তবে জ্যোতিকা জ্যোতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। সে সময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।
অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জ্যোতিকা জ্যোতি, জায়েদ খানসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকেও আসামি করা হয় মামলায়।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থের জোগানের অভিযোগ করা হয়েছে।
এ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
